নীলফামারীর ডিমলা উপজেলার তিন ইউপিতে পূর্বের পরিষদের মেয়াদ শেষ না হওয়ায় গেজেট প্রকাশ হলেও নতুন নির্বাচিতরা ক্ষমতা গ্রহণ করতে পারছেন না। এতে আইনি জটিলতা তৈরি হয়েছে। পূর্ব পরিষদের প্রতিনিধিরা মেয়াদপূর্তির আগে ক্ষমতা হস্তান্তরে যেমন অনীহা প্রকাশ করছেন, তেমনি নবনির্বাচিতদের ক্ষমতা গ্রহণে দেখা দিয়েছে বাধ্যবাধকতা। এমন অবস্থায় ওই তিন ইউনিয়নের মধ্যে একটিতে তালা ভেঙে নবনির্বাচিতদের পরিষদে প্রবেশের ঘটনাও ঘটেছে।
জানা যায়, ২০১৮ সালের ১৯ নভেম্বর ডিমলা উপজেলার গয়াবাড়ি ও টেপাখড়িবাড়ি এবং ১ ডিসেম্বর খগাখড়িবাড়ি ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়। সে অনুযায়ী গয়াবাড়ি ও টেপাখড়িবাড়ি ইউনিয়ন পরিষদের মেয়াদ চলতি বছরের ১৮ নভেম্বর এবং খগাখড়িবাড়ি ইউনিয়ন পরিষদের মেয়াদ ৩০ নভেম্বর শেষ হবে। এসব ইউনিয়ন পরিষদে গত ১৭ জুলাই নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচিত ইউপি চেয়ারম্যান এবং সদস্যদের গেজেট প্রকাশিত হয় ২৬ জুলাই। গত ২৪ আগস্ট নির্বাচিত প্রতিনিধিরা জেলা প্রশাসক কার্যালয়ে শপথ গ্রহণ করেন। স্থানীয় সরকার আইন অনুযায়ী, নবনির্বাচিত প্রতিনিধিদের গেজেট প্রকাশিত হওয়ার ৩০ কার্যদিবসের মধ্যে প্রথম সভা আহ্বান করার বাধ্যবাধকতা রয়েছে। সে অনুযায়ী নবনির্বাচিত পরিষদের সভা আহ্বানের মেয়াদ পার হলেও পুরনো পরিষদের মেয়াদ শেষ না হওয়ায় সভা আহ্বান কিংবা ক্ষমতা গ্রহণ করতে পারছে না নতুন পরিষদ। এমন জটিলতায় গত ৩ সেপ্টেম্বর উপজেলার গয়াবাড়ি ইউনিয়ন পরিষদে তালা ভেঙে নবনির্বাচিতদের ইউপি ভবনের ভেতরে প্রবেশের চেষ্টার অভিযোগ করেন ওই ইউপির চেয়ারম্যান সামছুল হক।
তিনি দেশ রূপান্তরকে বলেন, ‘আগামী ১৮ নভেম্বর পর্যন্ত আমাদের পরিষদের মেয়াদ রয়েছে। কিন্তু নবনির্বাচিত চেয়ারম্যান ও সদস্যরা গত রবিবার তালা ভেঙে পরিষদে ঢোকার চেষ্টা করেন। আমরা বাধা দিয়ে পরিষদে আমাদের তালা ঝুলিয়ে দিয়েছি।’
এ বিষয়ে গয়াবাড়ি ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান শরীফ ইবনে ফয়সাল মুন বলেন, ‘ইউনিয়ন পরিষদের বিধান অনুযায়ী গেজেট প্রকাশের ৩০ দিনের মধ্যে ক্ষমতা গ্রহণের বিধান রয়েছে। ৩ সেপ্টেম্বর প্রথম সভার রেজল্যুশন জমা দিতে প্রশাসন ও নির্বাচন কার্যালয়ে যাই। ওই দিন টিসিবির সুবিধাভোগীদের সহযোগিতার জন্য নবনির্বাচিত সদস্যরা পরিষদে গেছেন বলে জেনেছি। কয়েকজন সদস্য চেয়ারম্যানের কার্যালয়ে ওয়াসরুম ব্যবহারের জন্য গেলে গ্রাম পুলিশ ইমান আলী তালা খুলে দেন। এখানে তালা ভেঙে ঢোকার কিছুই নেই।’
টেপাখড়িবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ময়নুল হক বলেন, ‘মেয়াদ শেষ না হওয়া পর্যন্ত আমরা তাদের ঢুকতে দেব না। নির্বাচন মেয়াদ উত্তীর্ণের ১৮০ দিন আগে হতেই পারে। কিন্তু গেজেট প্রকাশ দেরিতে হলে এ জটিলতার সৃষ্টি হতো না।’
ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তা নুর ই আলম সিদ্দিকী বলেন, ‘বিষয়টি আমরা জেলা প্রশাসককে জানিয়েছি। সে অনুযায়ী জেলা প্রশাসক স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সচিব বরাবর এ বিষয়ে নির্দেশনা চেয়ে পত্র দিয়েছেন। ওই নির্দেশনা পেলে পরবর্তীসময়ে ব্যবস্থা গ্রহণ করা হবে। তবে যেহেতু পূর্ববর্তী পরিষদের মেয়াদ উত্তীর্ণ হয়নি, তাই আমরা পূর্ববর্তীদের সঙ্গে নিয়েই কাজ করছি।’