সাভারের হেমায়েতপুরে বকেয়া বেতন পরিশোধের দাবিতে তৈরি পোশাক কারখানার মূল ফটকের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেছে শ্রমিকরা। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টার দিকে হেমায়েতপুরের শ্যামপুর এলাকায় অবস্থিত দীপ্ত অ্যাপারেল লিমিটেড কারখানার সামনে এ বিক্ষোভ হয়।
প্রত্যক্ষদর্শী, শ্রমিক ও শিল্প পুলিশ সূত্রে জানা যায়, দীপ্ত এপারেল লিমিটেড কারখানার শ্রমিকদের আগস্ট মাসের বেতন আগামী ১০ তারিখের মধ্যে পরিশোধের দাবিতে কারখানায় কর্মবিরতি দিয়ে বিক্ষোভ করেছে প্রতিষ্ঠানটির সহস্রাধিক শ্রমিক।
শ্রমিকদের অভিযোগ, গত ৩-৪ দিন আগে কারখানা কর্তৃপক্ষ অর্থনৈতিক সংকটের কারণ দেখিয়ে গত আগস্ট মাসের বেতন আগামী ১০ তারিখের পরিবর্তে ১৮ তারিখে পরিশোধের ঘোষণা দেয়। এর পর থেকেই শ্রমিকদের মধ্যে অসন্তোষ দেখা দেয়।
প্রতিষ্ঠানের সাভার জোনের সিকিউরিটি ইন্সপেক্টর মো. আসাদ বলেন, বিক্ষুব্ধ শ্রমিকরা কারখানার সহকারী ব্যবস্থাপক (মানবসম্পদ) মারুফ, কোয়ালিটি ইন্সপেক্টর প্রদীপ ও নিরাপত্তাকর্মী সম্রাটকে মারধর করেছে।