সারা দেশে ১ লাখ ৫১ হাজার ৪২৭টি পরিবারকে স্বাস্থ্য সুরক্ষা কর্মসূচির (এসএসকে) স্বাস্থ্য কার্ড দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী জাহিদ মালেক। গতকাল বৃহস্পতিবার জাতীয় সংসদ অধিবেশনে লিখিত প্রশ্নোত্তরে এ তথ্য জানান তিনি।
সরকারি দলের সদস্য দিদারুল আলমের লিখিত প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, গত ৩০ জুন পর্যন্ত ২ লাখ ৭২ হাজার ৩৯১টি দারিদ্র্যসীমার নিচে বসবাসকারী পরিবারের নিবন্ধন ও তালিকাভুক্ত করা হয়েছে। এসএসকে কার্যক্রমের আওতায় এ পর্যন্ত ৪৫ হাজার ৬৯৬ জনকে আইপিডি চিকিৎসাসেবা দেওয়া হয়েছে। চিকিৎসাসেবা বাবদ গত জুন মাস পর্যন্ত ২১ কোটি ৭৯ লাখ ১৩ হাজার টাকা পরিশোধ করা হয়েছে। বর্তমানে এসএসকে কার্যক্রমের বেনিফিট প্যাকেজের আওতায় রোগের সংখ্যা ৭৮টি থেকে ১১০টিতে উন্নীত করা হয়েছে।