মধ্যরাতে উত্তাল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

রাতের শাটল ট্রেনের ছাদে চড়ে ক্যাম্পাসে ফেরার সময় গাছের সঙ্গে ধাক্কা লেগে অন্তত ১৫ শিক্ষার্থী আহত হয়েছে। এ ঘটনা জানাজানি হওয়ার পর বিক্ষুব্ধ হয়ে চবি শিক্ষার্থীরা ক্যাম্পাসের বিভিন্ন জায়গায় ভাঙচুর চালিয়েছেন। রাত সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্টে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন কয়েকশ শিক্ষার্থী।

এ সময় পুলিশ বক্সে শিক্ষার্থীরা এক দফা ভাঙচুর চালান। পরে সেখান থেকে মিছিল নিয়ে উপাচার্যের বাসভবনে যান। তিনতলা বাসভবনে ভাঙচুর চালান শিক্ষার্থীরা। একপর্যায়ে আসবাব বের করে বাসভবনের উঠানে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেন তারা।

শিক্ষার্থীদের অভিযোগ, বিভিন্ন সময় ট্রেনে বগি বৃদ্ধি ও সূচি বাড়ানোর দাবি জানালেও প্রশাসন আমলে নেয়নি। ট্রেনের ভেতরে জায়গা না থাকার কারণে শিক্ষার্থীদের বাধ্য হয়ে ছাদে যাতায়াত করতে হয়। উপাচার্যের বাসভবন ভাঙচুর করার পরপরই বিক্ষুব্ধ শিক্ষার্থীরা পরিবহন দপ্তরে মিছিল নিয়ে যান। পরে সেখানে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের যাতায়াতের জন্য রাখা অন্তত ২৪টি বাস এবং ১৫টি প্রাইভেট কার ও মাইক্রোবাস ভাঙচুর করেন।