মেসি বললেন, আত্মতুষ্টিতে ভোগার সুযোগ নেই

সৌদি আরবের বিপক্ষে হার দিয়ে কাতার বিশ্বকাপ শুরু করলেও চ্যাম্পিয়নের মুকুট পড়ে আর্জেন্টিনা। সেই যে দলটির বিশ্বজয় ও দুর্দান্ত যাত্রা, সেটি এখনো চলছেই। অবশ্য যে দলটি আত্মতুষ্টিতে ভুগে না, সেই দলের এমন যাত্রা তো স্বাভাবিকই!

বাংলাদেশ সময় শুক্রবার সকালে ইকুয়েডরকে হারিয়ে ২০২৬ বিশ্বকাপ বাছাই অভিযান শুরু করেছে আর্জেন্টিনা। কাতার বিশ্বকাপের পর এটি দলটির টানা পঞ্চম জয়।

এদিন অধিনায়ক লিওনেল মেসি ট্রেডমার্ক ফ্রি কিকে দলকে একমাত্র গোলের জয়টি এনে দিয়েছেন। ম্যাচের পর সংবাদ মাধ্যমকে তিনি বলেছেন, তারা সব সময় শতভাগ উজাড় করে দেওয়ার লক্ষ্যেই মাঠ নামেন।

মেসি বলেন, ‘আমরা জানি সামনে এগিয়ে যেতে হলে প্রতি ম্যাচেই শতভাগ উজাড় করে খেলতে হবে। এর আগে প্রীতি ম্যাচগুলোয় আমরা তা দেখিয়েছি এবং আজও সেটাই করে বুঝিয়ে দেওয়া হলো।’

প্রতিপক্ষ যে সব সময় তার দলকে হারাতে মুখিয়ে থাকে, সেটিও উল্লেখ করেন মেসি। বলেন, ‘এই দল যা কিছুই জিতুক না কেন, কখনো আত্মতুষ্টিতে ভুগবে না। আমরা একটু ঢিলেমি করলেই বাকিরা আমাদের পেছনে ফেলে এগিয়ে যাবে।’

মেসি আরও বলেন, ‘মাটিতে পা রেখে আমাদের এগোতে হবে। স্কালোনি দায়িত্ব নেওয়ার পর যেখাবে আমরা লড়াই করে আসছি, সেভাবেই প্রতি ম্যাচে লড়াই করে যাবো।’

এ ম্যাচের শেষ দিকে মেসিকে তুলে নেওয়া হয়। ২০১৪ বিশ্বকাপে নাইজেরিয়ার বিপক্ষে ম্যাচের পর এই প্রথম জাতীয় দলের খেলায় বদলি করা হলো তাকে। যা অনেককে অবাকই করেছে।

তবে মেসি বলছেন ক্লান্ত ছিলেন তিনি, ‘একটু ক্লান্ত ছিলাম। তবে সম্ভবত ম্যাচ থেকে উঠে আসার এটাই শেষ ঘটনা হবে না। এমনিতে ভালোই অনুভব করেছি। ম্যাচটা কঠিন ছিল। শারীরিকভাবেও লড়তে হয়েছে।’

আরও পড়ুন

মেসির ফ্রি কিক জাদুতে জয়ে শুরু আর্জেন্টিনার