রাজধানীর নিউমার্কেট এলাকার একটি নির্মাণাধীন ভবনে বিদ্যুৎস্পৃষ্টে রনি (২৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। তিনি পেশায় রাজমিস্ত্রী ছিলেন।
শনিবার (৯ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে এই দুর্ঘটনা ঘটে। অচেতন অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে বেলা সোয়া ৫টার দিকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তাকে হাসপাতালে নিয়ে যাওয়া সহকর্মী হাসিবুল হোসেন শান্ত জানান, রনির বাড়ি চাপাইনবাবগঞ্জ জেলায়। বর্তমানে নিউমার্কেট বলাকা সিনেমা হলের পিছনে নির্মাণাধীন ১০ তলা একটি ভবনে রাজমিস্ত্রীর কাজ করেন। আজ বিকেলে ২য় তলায় কাজ করছিলেন তারা। ভবনটির পাশ দিয়ে পাটের চট টাঙানো। সেখানে কোনোভাবে হাত লাগার পর রনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অচেতন হয়ে পড়ে। দেখতে পেয়ে সঙ্গে সঙ্গে তাকে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি জানান, ভবনের পাশ দিয়ে হাই ভোল্টেজের বিদ্যুতের তার আছে। সেই তারে কোনো ভাবে ভেজা পাটের চট বিদ্যুতায়িত হয়েছিল। সেখান থেকে এই ঘটনা ঘটেছে। তারা ভবনটিতেই থাকতেন। ৪-৫ মাস যাবৎ সেখানে কাজ করে আসছিল রনি।
চিকিৎসকের বরাত দিয়ে ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. বাচ্চু মিয়া তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মৃতদেহটি মর্গে রাখা হয়েছে।