সামরিক-বেসামরিক খাতে ৭৪ হাজার নিয়োগ দেবে তালিবান

আফগানিস্তানে সামরিক ও বেসামরিক খাতে ৭৪ হাজার লোক নিয়োগ দেবে তালিবান সরকার। ইসলামী আমিরাতের নেতা হিবাতুল্লাহ আখুন্দজাদার নির্দেশে সংস্কার কমিশনের তদন্ত শেষ হওয়ার পর এসব নিয়োগ হবে বলে জানিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সম্প্রতি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে টোলো নিউজ।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আবদুল মতিন কানি বলেছেন, নিয়োগের ক্ষেত্রে গত দুই দশকে যারা ইসলামিক আমিরাতের সঙ্গে কাজ করেছেন তাদের অগ্রাধিকার দেওয়া হবে।

ইসলামিক আমিরাতের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ বলেছেন, আফগানিস্তানের জনগণকে আরও নিরাপত্তা দিতে এবং নিরাপত্তা বজায় রাখতে আমাদের শহর ও জেলাগুলোয় কতজন সেনা প্রয়োজন, তার ওপর ভিত্তি করে লোক নিয়োগ দেওয়া হবে। তবে কিছু সামরিক বিশ্লেষক বলেছেন, এই নিয়োগের ক্ষেত্রে পেশাগত প্রশিক্ষণ ও সরঞ্জামের দিকেও মনোযোগ দিতে হবে।

সামরিক বিশ্লেষক তাহির ইয়ারঘাল বলেন, প্রতিরক্ষা মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয় বা গোয়েন্দা খাতে অনুগত ও পেশাদার কর্মী প্রয়োজন। তাদের যানবাহন এবং সরঞ্জামও প্রয়োজন। তবে এই নিয়োগে কতজনকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সামরিক ও বেসামরিক বিভাগে নেওয়া হবে তা স্পষ্ট নয়।

আরও পড়ুন: মদ নিয়ে লিখে আনন্দবাজারের সাংবাদিক জেলে