অভিজ্ঞ লুইস সুয়ারেজ ও এডিনসন কাভানিকে ছাড়া উরুগুয়ের ২০২৬ বিশ্বকাপ বাছাইয়ের শুরুটা ভালোই হলো। বাংলাদেশ সময় শনিবার সকালে উরুগুয়ে ৩-১ গোলে হারিয়েছে চিলিকে। দল জিতলেও পারফরম্যান্সে খুশি হতে পারেননি কোচ মার্সেলো বিয়েলসা।
উরুগুয়ের হয়ে তিনটি গোলই করেছেন মিডফিল্ডে খেলা খেলোয়াড়রা। তাতে সুয়ারেজ, কাভানিদের দলে না থাকা নিয়ে আফসোস করতেই পারেন সমর্থকরা। জোড়া গোল করেন রিভার প্লেটে খেলা অ্যাটাকিং মিডফিল্ডার নিকোলাস ডে লা ক্রুজ। আরেকটি গোল রিয়াল মাদ্রিদে খেলা ফেদরিকো ভালভার্দের। চিলির হয়ে এক গোল শোধ দেন অভিজ্ঞ আর্তুরো ভিদাল।
বল পজিশনে দুই দল প্রায় সমান। নিজেদের মাঠে উরুগুয়ে গোলের উদ্দেশ্যে ১৮ শট নিলেও লক্ষ্যে ছিল ৭টি। বিয়েলসা দলকে খেলান ৪-৩-৩ ফরমেশনে। ফরোয়ার্ডে খেলা ডারউইন নুনেজ, ম্যাক্সিমিলিয়ানো আরাহো, ফাকুন্দো পেলেস্ত্রি কিংবা বদলি নামা রদ্রিগুয়েজ, ম্যাক্সি গোমেজরা হতাশ করেছেন।
ডিফেন্স ও আক্রমণ ভাগের খেলোয়াড়দের মধ্যে বোঝাপড়ার অভাব দেখা গেছে। তবে কোচ বিয়েলসা বলছেন একসঙ্গে অনুশীলনের সময় কম পেয়েছে খেলোয়াড়রা।