শেরপুরের নকলায় ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ ও স্বাধীনতাবিরোধী পিস কমিটির সদস্য মৃত মকবুল হোসেনের ছেলে এমরান হোসেন ফট্টুকে চর অষ্টধর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ঘোষণা করায় ওই কমিটির ৩৫ জন নেতা পদত্যাগ করেছেন।
গত শনিবার বিকালে উপজেলার নারায়ণখোলা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে চর অষ্টধর ইউনিয়ন আওয়ামী লীগের সর্বস্তরের নেতাকর্মীদের আয়োজনে প্রতিবাদ ও মানববন্ধন কর্মসূচিতে কমিটির মোট ৫১ জন সদস্যের মধ্যে ৩৫ জন সদস্য পদত্যাগ করেন।
পদত্যাগপত্রের স্বাক্ষরিত কপি গতকাল রবিবার বিকালে উপজেলায় কর্মরত সাংবাদিক এবং উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে জমা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন কমিটিতে স্থান পাওয়া এবং মানববন্ধনে নেতৃত্বদানকারী সদস্য শরীফুজ্জামান রিপন সরকার ও স্থানীয় ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গোলাম রব্বানী প্রমুখ।
বিষয়টি নিয়ে নকলা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহর সঙ্গে কথা হলে তিনি বলেন, গতকাল খুলনায় অবস্থান করছিলাম। আজ (গতকাল রবিবার) বিকেলে জানতে পারি কমিটিতে যারা স্থান পায়নি এমন কিছু লোক ইউনিয়নের লোকজন এবং কমিটিতে স্থান পাওয়া কিছু সদস্যকে জোর করে পদত্যাগপত্রে স্বাক্ষর নিয়েছে।