রাজেন্দ্র কলেজে শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদ

ফরিদপুরে সরকারি রাজেন্দ্র কলেজের শিক্ষার্থীদের ওপর দুর্বৃত্তদের হামলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছেন শিক্ষার্থীরা। গতকাল রবিবার দুপুরে ফরিদপুর প্রেস ক্লাবের সামনে এ বিক্ষোভ ও মানববন্ধন হয়। এদিন শুরুতে শহরের সিভিল সার্জন অফিসের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে প্রেস ক্লাবের সামনে গিয়ে শেষ হয়। এরপর সেখানে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তারা কলেজের কবি জসীম উদ্দীন হলে কতিপয় বহিরাগত দুর্বৃত্ত কর্তৃক সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলা ও ভাঙচুরের ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। পাশাপাশি এই ঘটনার সঙ্গে জড়িতদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনা এবং অবিলম্বে হল সংস্কারের দাবি জানান তারা।

গত ৬ সেপ্টেম্বর রাতে সরকারি রাজেন্দ্র কলেজের কবি জসীম উদ্দীন হলে বহিরাগত কতিপয় দুর্বৃত্ত সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলা ও ভাঙচুর চালায়।

ফরিদপুর শহর ছাত্রলীগের সভাপতি মিজানুর রহমান মিনানের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন কলেজের দর্শন বিভাগের প্রধান ও কবি জসীম উদ্দীন হলের সুপার জিলাল হোসেন, শহর ছাত্রলীগের সাধারণ সম্পাদক মীর মোহাম্মদ শান্ত প্রমুখ।