আ.লীগ নেতার ওপর হামলার মামলায় বিএনপি নেতা জেলে

দিনাজপুরে জেলা আওয়ামী লীগের সদস্য আবু হুসাইন বিপুর ওপর হামলা ও প্রাইভেট কার ভাঙচুরের মামলায় জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সদর উপজেলার চেহেলগাজী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনিসুর রহমান বাদশাকে জেলহাজতে পাঠানোর আদেশ দিয়েছে আদালত।

গতকাল রবিবার দিনাজপুরের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. জুলফিকার উল্লাহ জামিনের আবেদন নামঞ্জুর করে এই আদেশ দেন।

বিকেলে তাকে জেলহাজতে পাঠানো হয়। দিনাজপুর আদালত পুলিশের পরিদর্শক রাজ্জাকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

গত ২৩ জুলাই দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ইশতিয়াক আহমেদ বাদী হয়ে বিএনপি নেতা আনিসুর রহমান বাদশাসহ কয়েকজনের বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা করেন।