জয়পুরহাটে নাঈম হত্যা মামলা: মূল পরিকল্পনাকারী স্বামী-স্ত্রী গ্রেপ্তার

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার ধরঞ্জী গ্রামে লাউ গাছের নিচে মাটি খুঁড়তে গিয়ে নাঈম নামে এক যুবকের হাড়গোড় উদ্ধারের ঘটনায় হত্যাকারী স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

মঙ্গলবার দিবাগত ( ১২ সেপ্টেম্বর) রাতে র‍্যাব-৫ ও র‍্যাব-১২ যৌথ অভিযান চালিয়ে বগুড়া সদর উপজেলার পীরগাছা এলাকা থেকে ওই দুজনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

গ্রেপ্তাররা হলেন, বগুড়ার শিবগঞ্জ উপজেলার গোপিনাথপুর গ্রামের রেজ্জাকুল ও তার স্ত্রী সাবিনা খাতুন। তারা পাঁচবিবির ধরঞ্জী গ্রামে ভাড়া বাসায় থাকতেন।

জয়পুরহাট র‍্যাব ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার রফিকুল ইসলাম জানান, গত ২২ এপ্রিল ঈদের দিন সন্ধ্যায় পাঁচবিবি উপজেলার ধরঞ্জী গ্রামের মাসুদ রানার ছেলে নাঈম বাড়ি থেকে বের হয়ে যান। এরপর তাকে আর খুঁজে পাওয়া যায়নি। পরে ২৫ এপ্রিল থানায় সাধারণ ডায়েরি করে নাঈমের পরিবার। এরপর গত ৯ সেপ্টেম্বর ধরঞ্জী গ্রামের সামছুল ইসলামের বাড়িতে রাজমিস্ত্রীরা নতুন টয়লেট নির্মাণের জন্য মাটি খুঁড়তে গেলে দুর্গন্ধ বের হয়। পরে পুলিশকে খবর দিলে তারা এসে মাটি খুঁড়ে একটি প্যান্ট ও মাথার খুলিসহ হাড়ের স্তূপ উদ্ধার করে। এ ঘটনায় নাঈমের মা ১০ সেপ্টেম্বর বাড়ির মালিকসহ তিনজনের নামে মামলা করেন।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, সাবিনার সঙ্গে নাঈমের পরকীয়া সম্পর্ক ছিল। সেই পরকীয়া সম্পর্কের জেরে পূর্বপরিকল্পনা অনুযায়ী নাঈমকে হত্যা করে লাশ মাটি চাপা দেন আসামিরা।