সমরজিতের নতুন গান ‘এ শহর’

‘এ শহর’ শিরোনামের নতুন একটি গানে কণ্ঠ দিয়েছেন শিল্পী সমরজিৎ রায়। আগামী বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) গানটি সমরজিতের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে প্রকাশিত হবে।

বিনোদ রায়ের স্টুডিওতে ধারণকৃত গানটি লিখেছেন সঞ্জয় রায়। সুর ও সঙ্গীতায়োজন করেছেন সমরজিৎ নিজেই। গানটির প্রোগ্রামিং করেছেন রণদীপ মানু, মিক্সিং-মাস্টারিং করেছেন গৌতম বসু। গানটির দৃশ্য ধারণে ছিলেন শামীম হোসেন। ভিডিও সম্পাদনা করেছেন মুম্বাইয়ের প্রেম প্রকাশ কর্ণ।

সমরজিৎ বলেন, সাধারণত শ্রোতারা আমার কণ্ঠে শাস্ত্রীয় সঙ্গীত নির্ভর গানগুলোই বেশি পছন্দ করেন। তবে এটি একটু ভিন্ন ধারার মেলোডিয়াস গান যা শ্রোতাদের কানে আরাম এবং মনে ভীষণ আনন্দ দেবে।

তিনি আরও বলেন, সঞ্জয় রায়ের মতো গুণী গীতিকারের অসাধারণ লেখনির কারণে গানটি শুনে অনেকে নিজের অজান্তে তাদের হারিয়ে যাওয়া ভালোবাসার স্মৃতি রোমন্থন করবেন।