রাজধানীতে চলন্ত ট্রেন থেকে পড়ে দুই তরুণ নিহত

রাজধানীর ক্যান্টনমেন্ট এলাকায় চলন্ত ট্রেন থেকে পড়ে দুই তরুণ নিহত হয়েছেন। এ ছাড়া বিমানবন্দর এলাকায় ট্রেনের ধাক্কায় এক যুবক নিহত হয়েছেন। তবে তাদের কারোর নাম-পরিচয় জানা যায়নি।

গতকাল বুধবার ভোর সোয়া ৫টার দিকে ক্যান্টনমেন্ট স্টাফ রোড রেললাইনে এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ সকাল সাড়ে ৯টার দিকে মৃতদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য সন্ধ্যায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠায়।

বিমানবন্দর রেলস্টেশনের পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এসআই) সুনীল চন্দ্র সূত্রধর জানান, ভোরে কমলাপুর রেলস্টেশন থেকে ছেড়ে যাওয়া ময়মনসিংহগামী বলাকা এক্সপ্রেস নামে চলন্ত ট্রেন থেকে পড়ে যান দুই তরুণ। এতে ঘটনাস্থলেই মারা যান তারা। তবে ওই দুই তরুণ ট্রেনের ছাদ থেকে পড়ে গেছেন নাকি ট্রেনের দরজা থেকে পড়ে গেছেন, তা জানা যায়নি। সিআইডির ক্রাইম সিন দুই তরুণের ফিঙ্গারপ্রিন্ট নিয়ে পরিচয় শনাক্তের চেষ্টা করছে।