মহানবী (সা.) ও বিবি খাদিজাকে অবমাননা, সৌদি তরুণীকে তলব

হযরত মুহাম্মদ (সা.) ও তার স্ত্রী খাদিজাতুল কুবরা (রা.)-কে নিয়ে সোশ্যাল মিডিয়ায় অবমাননাকর পোস্ট দেওয়ার অভিযোগে এক সৌদি তরুণীকে তলব করেছে দেশটির জেনারেল অথরিটি অব মিডিয়া রেগুলেশন। আজ বৃহস্পতিবার (১৩ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে গালফ নিউজ।

প্রতিবেদনে বলা হয়, ২০ বছর বয়সী ওই তরুণীকে পরবর্তী আইনি পদক্ষেপের জন্য পাবলিক প্রসিকিউশনে পাঠানো হয়েছে। তার পাঁচ বছরের জেল এবং ৩০ লাখ রিয়াল জরিমানা হতে পারে।

সৌদি প্রসিকিউটররা সতর্ক করে বলেছেন, যারা সোশ্যাল মিডিয়ায় হযরত মুহাম্মদ (সা.)-কে অবমাননা করে পোস্ট দেবে তাদের এই দণ্ডাদেশ ও জরিমানার মুখোমুখি হতে হবে।

অভিযোগ উঠেছে, ওই তরুণী মাইক্রো ব্লগিং সাইট এক্সে (পূর্বে টুইটার নামে পরিচিত) বেশ কয়েকটি পোস্ট দিয়েছেন, যেখানে ইচ্ছাকৃতভাবে হযরত মুহাম্মদ (সা.) ও তার স্ত্রী খাদিজাতুল কুবরা (রা.) সম্পর্কে আপত্তিকর কথা বলা হয়েছে।

আরও পড়ুন: সৌদিতে লাফিয়ে বাড়ছে নারী আইনজীবীর সংখ্যা