হকিতে শুধুই ভালো খেলার প্রতিশ্রুতি

কোরিয়ান কোচ ইয়ং কিউ কিমের অধীনে প্রায় তিন মাসের প্রস্তুতি নিয়ে এশিয়ান গেমসে অংশ নিতে হকি দল ঢাকা ছাড়বে ১৯ সেপ্টেম্বর। অন্যান্য ইভেন্টের সঙ্গে তুলনায় প্রস্তুতির সময়কাল নেহাত কম নয়। তারপরও এশিয়াডের ইতিহাসে নিজেদের সেরা পারফরম্যান্সকে (ষষ্ঠস্থান) ছাড়িয়ে যাওয়ার কথা জোর গলায় বলা যাচ্ছে না। ঢাকায় নিবিড় প্রশিক্ষণ চললেও দীর্ঘদিন প্রতিযোগিতামূলক ম্যাচের বাইরে হকি দলের খেলোয়াড়রা। চলতি বছর একটিও প্রতিযোগিতামূলক ম্যাচ খেলেননি তারা। জাতীয় দলের হয়ে সর্বশেষ ম্যাচ গত বছর মে মাসে জাকার্তায় এশিয়া কাপ হকিতে। আর গত বছর নভেম্বরে প্রথম ফ্র্যাঞ্চাইজি আসরের পর আর ঘরোয়া পর্যায়েও খেলার সুযোগ হয়নি। এশিয়াডকে সামনে রেখে প্রস্তুতি ম্যাচের জন্য কোনো প্রতিপক্ষও মেলেনি। তাছাড়া এবার গ্রুপেই কঠিন পরীক্ষার মুখোমুখি হতে হচ্ছে। ‘এ’ গ্রুপে তাদের অন্যতম প্রতিপক্ষ ভারত, পাকিস্তান ও জাপান। এছাড়া আছে সিঙ্গাপুর ও উজবেকিস্তান। তিন এশিয়ান পরাশক্তিকে পেছনে ফেলে সেমিফাইনাল খেলা বাংলাদেশের জন্য দিবাস্বপ্নের মতোই। তাই রোমান সরকারদের কণ্ঠে শুধুই ভালো খেলার প্রতিশ্রুতি।

বৃহস্পতিবার এশিয়াডগামী দলকে শুভ কামনা জানাতে ও সম্প্রতি ওমানে হকি-ফাইভ বিশ্বকাপ বাছাইপর্ব খেলে আসা নারী ও পুরুষ দলকে সংবর্ধনা জানাতে এক অনুষ্ঠানে  উপস্থিত হয়েছিলেন হকি ফেডারেশনের সভাপতি ও বাংলাদেশ বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নান। এশিয়াডগামী দলকে শুভ কামনা জানিয়ে তিনি বলেন, ‘এশিয়ান গেমসকে সামনে রেখেছ জাতীয় দল বিদেশি কোচের অধীনে প্রস্তুতি নিয়েছে। আশা করছি তারা এশিয়ান গেমসে ভালো ফলাফল এনে দিয়ে দেশের সুনাম অক্ষুণœ রাখবে।’ খেলোয়াড়দের খেলার সুযোগ করে দিতে লিগ ও ফ্র্যাঞ্চাইজি লিগ নিয়মিত আয়োজনের আশ্বাস দেন ফেডারেশনের সভাপতি।

 দলের অধিনায়ক রোমান সরকার আত্মবিশ্বাসী ভালো খেলার ব্যাপারে। যদিও বাস্তবতা মেনে আগেরবারের অবস্থান ছাড়িয়ে যাওয়ার বড় স্বপ্নটা দেখাতে চান না এই ফরোয়ার্ড, ‘আমাদের প্রস্তুতি খুব ভালো হয়েছে। ফিটনেসের দিক দিয়ে খুব ভালো অবস্থানে আছি। একটাই ঘাটতি, সেটা হচ্ছে কোনো প্রস্তুতি ম্যাচ খেলতে পারিনি। তারপরও নিজেদের মধ্যে ম্যাচ খেলেছি। আশা করছি এশিয়ান গেমসে ভালো করব।’ দলের ম্যানেজার ও ফেডারেশনের যুগ্ম সম্পাদক মাহবুবুল এহসান রানা জাতীয় দল না পাওয়ার ব্যাখ্যায় বলেছেন, ‘বড় দলগুলো চ্যাম্পিয়নস ট্রফি নিয়ে ব্যস্ত থাকায় প্রতিপক্ষ পাইনি। চেয়েছিলাম নিজস্ব খরচে চীনে ১০দিন আগে গিয়ে কিছু প্রস্তুতি ম্যাচ খেলতে। সেটাও সম্ভব হয়নি। এখন আমরা চারদিন আগে যাচ্ছি। ওখানে গিয়ে চেষ্টা করব একটা-দুইটা ম্যাচ খেলার।’

সেমিফাইনালে যেতে পারলে আগামী ২০২৪ প্যারিস অলিম্পিকে সরাসরি খেলার সুযোগ পাবে বাংলাদেশ। অতীতে যা কখনই হয়নি। প্রস্তুতি ম্যাচের ঘাটতি ও বড় প্রতিপক্ষদের পেছনে ফেলে সেই লক্ষ্য ছোঁয়াটা কঠিন বলে শুধুই কেবল ভালো খেলার প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছেন রোমান-জিমিরা।