ফুটবল বিশ্বকাপের ডামাডোলের ভেতরই গত বছরের শেষে বাংলাদেশ সফরে এসেছিল ভারত। ৩ ওয়ানডের সিরিজে মিরপুরে রোহিত শর্মার দলকে দুটো ম্যাচে হারিয়ে ২-১ ব্যবধানে সিরিজ জিতেছিল বাংলাদেশ।
চোটের কারণে সে সময়কার নিয়মিত ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল খেলেননি, ভারপ্রাপ্ত অধিনায়ক লিটন দাসের নেতৃত্বে ভারতকে ঘরের মাঠে হারানোর তৃপ্তি থাকলেও আজ কলম্বোতে ফের রোহিতদের মুখোমুখি হওয়ার আগে সমীকরণে এসেছে বদল। দুই দলের সবশেষ সিরিজের দলের সঙ্গে আজকের ম্যাচে খেলোয়াড় তালিকায় বড় পরিবর্তন।
ভারতের বোলিং আক্রমণ পুরোটাই বদলে গেছে, আর বাংলাদেশের ব্যাটিং হয়েছে দুর্বল।
ভারতীয় দলে ইনিংসের সূচনায় রোহিত শর্মার সঙ্গী হয়েছেন শুভমান গিল। আইপিএলে অসাধারণ মৌসুম কাটানো গিল, সূর্যকুমার যাদবরা এসেছেন এশিয়া কাপের দলে। সেই সঙ্গে দুই অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া এবং রবীন্দ্র জাদেজাও। বোলিং আক্রমণে ওয়াশিংটন সুন্দর, ফিরেছেন যাদব, অক্ষর প্যাটেলরা। পেস বোলিংয়ে ফিরেছেন ভারতের তুরুপের তাস বুমরাহ। ভারত সুপার ফোর ও গ্রুপ পর্বে নেপালসহ যে চারটা ম্যাচ পূর্ণাঙ্গ হয়েছে, সবগুলোতেই প্রতিপক্ষকে অলআউট করেছে। বামহাতি রিস্ট স্পিনার যাদব আগের ম্যাচেই শ্রীলঙ্কার বিপক্ষে নিয়েছেন ৪ উইকেট আর পাকিস্তানের বিপক্ষে নিয়েছেন ৫ উইকেট।
রিস্ট স্পিনারদের সামলাতে বাংলাদেশের ব্যাটসম্যানদের দুর্বলতা সবারই জানা। দেশে কোনো লেগস্পিনার না থাকায় ভারতের এক লেগস্পিনারকে নেট বোলার হিসেবে ভাড়া করে এনে প্রস্তুতি সারতে হয়েছে। শ্রীলঙ্কা ও পাকিস্তানের ব্যাটসম্যানরা যাকে সামলাতে খাবি খেয়েছে, তার বিপক্ষে বাংলাদেশের ব্যাটসম্যানদের সাফল্যের আশা করাটা কঠিন। বিশেষ করে নাজমুল হোসেন শান্ত এবং মুশফিকুর রহিম যখন নেই।
তামিম ইকবাল নেই। পেশি ছিঁড়ে যাওয়াতে সুপার ফোর পর্বের আগেই ছিটকে গেছেন নাজমুল হোসেন শান্ত। শ্রীলঙ্কার বিপক্ষে হাফসেঞ্চুরি আর আফগানিস্তানের বিপক্ষে সেঞ্চুরি করা শান্তকে হারিয়ে ব্যাটিংটা আরও দুর্বল হয়েছে বাংলাদেশের। লিটন জ্বর থেকে সেরে উঠে ফিরেছেন তবে পুরাতন বদ অভ্যাস নিয়ে। চমকপ্রদ কিছু শটে অল্প রান করে উইকেট বিলিয়ে আসার অভ্যাসটা মাঝে একটা বছর ঝেড়ে ফেলেছিলেন লিটন, ইদানীং সেটা আবার ফিরেছে।
কিছুদিন আগেই কন্যাসন্তানের বাবা হয়েছেন মুশফিকুর রহিম, সন্তানের মুখ দেখতে দেশে ফিরে আসার পর নিয়মরক্ষার ম্যাচ খেলতে এই উইকেটরক্ষক ব্যাটসম্যান আর ফিরে যাচ্ছেন না শ্রীলঙ্কা। তার জায়গায় এনামুল হক বিজয় একাদশে আসবেন নাকি লিটনকে উইকেটের পেছনে রেখে তানজিদ হাসান তামিমকে আরেকটা সুযোগ দেবে টিম ম্যানেজমেন্ট সেটা বোঝা যাবে ম্যাচের দিনই। তবে তাদের কেউই যে মুশফিকের অভিজ্ঞতা ও ব্যাটিং দক্ষতার বিকল্প নন তা অনস্বীকার্য।
পাকিস্তানের বিপক্ষে হাফসেঞ্চুরি করেছিলেন মুশফিক, তামিম এখনো আন্তর্জাতিক ক্রিকেটে একটা বলও ব্যাটে লাগাতে পারেননি আর এনামুল ভারতের বিপক্ষে হোম সিরিজেই ১৪, ১১ আর ৮ রান করে সেই যে বাদ পড়েছিলেন এরপর লিটনের বদলে দলে ফিরলেও একাদশে জায়গা পাননি।
দুর্বল হয়েছে বাংলাদেশের বোলিংও। মিরপুরে ২ ম্যাচে ৭ উইকেট নিয়েছিলেন এবাদত হোসেন। সেই এবাদতও নেই দলে, সব মিলিয়ে দ্বিপক্ষীয় সিরিজের পর আসর এশিয়া কাপের আগে ভারতের যেখানে শক্তি বেড়েছে, সেখানে বাংলাদেশের শক্তি বরং কমেছে।