রোহিত-কোহলিকে বিশ্বকাপ খেলতে যে শর্ত দিলো ভারত

আপডেট : ১৩ অক্টোবর ২০২৬, ০৫:১৫ পিএম
২০২৭ ওয়ানডে বিশ্বকাপ খেলতে পারবেন কি না—কিংবদন্তি ক্রিকেটার বিরাট কোহলি এবং রোহিত শর্মাকে নিয়ে ক্রিকেট মহলে চলা দীর্ঘ জল্পনা-কল্পনার অবসান ঘটিয়েছেন বিসিসিআই সভাপতি মিথুন মানহাস। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সাম্প্রতিক ওয়ানডে সিরিজে দুই অভিজ্ঞ ব্যাটারই দুর্দান্ত ফর্মে থেকে একটি করে সেঞ্চুরি তুলে নেওয়ায় তাদের ভবিষ্যৎ নিয়ে চলা গুঞ্জন আপাতত অনেকটাই স্তিমিত হয়েছে।

আগামী বছর অক্টোবর মাসে শুরু হতে যাওয়া বিশ্বকাপের সময় কোহলির বয়স হবে ৩৯ এবং রোহিত পা দেবেন ৪০-এর কোঠায়। তবে এই বয়সের বিষয়টি তাদের জাতীয় দলে জায়গা পাওয়ার ক্ষেত্রে কোনো বাধা হওয়া উচিত নয় বলেই মনে করেন বিসিসিআই সভাপতি।
 
স্পোর্টসস্টারকে দেওয়া এক সাক্ষাৎকারে বিসিসিআই প্রধান মিথুন মানহাস সাফ জানিয়ে দিয়েছেন যে, দলের নির্বাচন প্রক্রিয়ায় বয়স নয়, বরং ফিটনেস ও পারফরম্যান্সকেই সর্বোচ্চ গুরুত্ব দেওয়া উচিত, "বিসিসিআইয়ের পক্ষ থেকে এই মুহূর্তে নিশ্চিত করে কিছু বলা সম্ভব নয়, কারণ এটি সম্পূর্ণ নির্বাচক এবং কোচদের সিদ্ধান্তের ওপর নির্ভর করে। তবে আমার ব্যক্তিগত দৃষ্টিভঙ্গি থেকে যদি বলি, দল নির্বাচনে ফিটনেস এবং পারফরম্যান্সই একমাত্র মাপকাঠি হওয়া উচিত, কোনোভাবেই বয়স নয়।"
মানহাস আরও যোগ করেন, "যদি কেউ খেলার জন্য সম্পূর্ণ ফিট থাকে এবং মাঠে নেমে নিজের পারফরম্যান্সের মাধ্যমে দেশের হয়ে ম্যাচ জেতাতে পারে, তবে আমাদের কেবল সেই বিষয়টির ওপরই ফোকাস করা উচিত।"

বর্তমান ওয়ানডে অধিনায়ক শুভমান গিলের নেতৃত্বে তরুণ দলটিতে বিরাট কোহলি, রোহিত শর্মা এবং হার্দিক পান্ডিয়ার মতো অভিজ্ঞ ক্রিকেটারদের উপস্থিতি দারুণ কাজে দেবে বলে মনে করেন বিসিসিআই সভাপতি।

তার মতে, জসপ্রিত বুমরাহসহ অভিজ্ঞ এই তারকারা মাঠে নেতৃত্ব দেওয়ার পাশাপাশি দলের ওয়ার্কলোড বা কাজের চাপ বন্টন করতে দারুণ ভূমিকা পালন করতে পারবেন। সংকটময় মুহূর্তে অতীতে বহুবার এই তারকারা নিজেদের প্রমাণ করেছেন, যা আগামী বিশ্বকাপেও দলের জন্য একটি চমৎকার কম্বিনেশন তৈরি করবে।

 
সর্বশেষ সর্বাধিক পঠিত