উত্তর কোরিয়ার শীর্ষ নেতা কিম জং উনের সঙ্গে ‘কোনও পূর্বশর্ত ছাড়াই’ দেখা করার ইচ্ছা প্রকাশ করেছেন জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা। আজ শুক্রবার (১৫ সেপ্টেম্বর) জাপানের শীর্ষস্থানীয় এক সরকারি কর্মকর্তা সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রধানমন্ত্রী কিশিদা এর আগেও কিমের সঙ্গে আলোচনায় বসতে আগ্রহ প্রকাশ করেছিলেন। তবে চলতি সপ্তাহে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে কিমের দেখা করার পরিকল্পনা থাকায় সফরটি শেষে ফের কিমকে আমন্ত্রণ জানানো হলো।
রাশিয়া ইউক্রেন যুদ্ধে ব্যবহারের জন্য উত্তর কোরিয়ার কাছে গোলাবারুদ চাওয়ার পর মার্কিন কর্মকর্তারা সম্ভাব্য অস্ত্র চুক্তি নিয়ে সতর্ক করে। উদ্বিগ্ন জাপান এরপরেই কিমের সঙ্গে আলোচনায় বসতে আগ্রহী হয়।
জাপানের মুখ্য মন্ত্রিপরিষদ সচিব হিরোকাজু মাতসুনো বলেন, যত তাড়াতাড়ি সম্ভব একটি শীর্ষ বৈঠকের জন্য আমরা প্রধানমন্ত্রীর সরাসরি নিয়ন্ত্রণে উচ্চ পর্যায়ের আলোচনা করতে চাই। কিশিদা ‘যে কোনও সময় এবং কোনও প্রকার পূর্বশর্ত ছাড়াই’ সরাসরি কিমের মুখোমুখি হওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন।
এর আগে জাপানের পররাষ্ট্রমন্ত্রী ইয়োকো কামিকাওয়া সাংবাদিকদের বলেন, টোকিও রাশিয়া-উত্তর কোরিয়া আলোচনাকে উদ্বেগের সঙ্গে দেখছে। কারণ উত্তর কোরিয়ার সঙ্গে অস্ত্র-সম্পর্কিত লেনদেন জাতিসংঘ নিরাপত্তা পরিষদের নিষেধাজ্ঞা লঙ্ঘন করতে পারে।
আরও পড়ুন: ৩২ লাখ মানুষের দেশে ঘোড়ার সংখ্যা ৪০ লাখ!