রাশিয়ার ফাইটার জেট কারখানা ঘুরে দেখেছেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন। এর আগে তিনি রাশিয়ার পূর্বদিকের শহর কমসমোলস্কে পৌঁছান। পরে সেখানে একটি সামরিক কারখানা ঘুরে দেখেন। গতকাল শুক্রবার স্থানীয় সংবাদমাধ্যম এ খবর প্রকাশ করে। সংবাদমাধ্যমগুলো প্রকাশিত ছবিতে দেখা যায়, কিমের ট্রেন স্টেশনে ঢুকলে তাকে রীতিমতো রেড কার্পেট দিয়ে অভ্যর্থনা জানানো হয়।
স্টেশনে নেমেই কিম চলে যান কারখানাটি দেখতে। সেখানে রাশিয়ার অত্যাধুনিক এসইউ-৩৫ এবং এসইউ-৫৭ নির্মাণ দেখেন তিনি। এর আগে গত বৃহস্পতিবার কিম পুতিনকে একটি রাইফেল উপহার দেন। আবার পুতিনও কিমকে একটি রাইফেল দিয়েছেন বলে জানায় ক্রেমলিন। গত মঙ্গলবার রাশিয়ায় পৌঁছান কিম। পরদিন রুশ প্রেসিডেন্ট ভøাদিমির পুতিনের সঙ্গে বৈঠক হয় উত্তর কোরিয়ার সর্বোচ্চ এই নেতার। বৈঠকে কিম ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে নিঃশর্ত সহযোগিতার প্রতিশ্রুতি দেন।