টার্মিনাল ছাড়া সড়ক ও মহাসড়কে কোনো টোল আদায় করা যাবে না মর্মে হাইকোর্টের দেওয়া নির্দেশনা অমান্য করে ফেনীর সোনাগাজী পৌরসভায় আদায় করা হচ্ছে পৌর টোল।
গত ১১ সেপ্টেম্বর সোনাগাজী পৌর শহরের জিরো পয়েন্ট ও বাসস্ট্যান্ড সংলগ্ন স্থানে বাস, ট্রাক, পিকআপ ও ব্যাটারিচালিত ইজিবাইক থেকে নির্ধারিত হারে পৌর টোল আদায় করতে দেখা গেছে।
২০২২ সালের ২১ এপ্রিল হাইকোর্টে বিভাগে করা এক রিট পিটিশনের আদেশের আলোকে টার্মিনাল ছাড়া সড়ক বা মহাসড়ক থেকে কোনো প্রকার টোল না তোলার জন্য সব সিটি করপোরেশন এবং পৌরসভার মেয়রের দৃষ্টি আকর্ষণ করে বিজ্ঞপ্তি জারি করার জন্য সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ থেকে নির্দেশনা প্রদান করা হয়।
পরে ওই বছরের ২৫ সেপ্টেম্বর এ নির্দেশনা প্রতিপালনের জন্য স্থানীয় সরকার বিভাগ পৌর-১ শাখার উপসচিব আব্দুর রহমান স্বাক্ষরিত এক পত্রে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে স্থানীয় সরকার বিভাগ অতিরিক্ত সচিব (নগর উন্নয়ন), যুগ্ম সচিব (নগর উন্নয়ন-২), উপ-সচিব (পৌর-২), সচিবের একান্ত সচিব (ঢাকা) এবং সব পৌরসভার মেয়রকে পত্র দেওয়া হয়।
ওই পত্রে টার্মিনাল ছাড়া সড়ক ও মহাসড়ক থেকে কোনো প্রকার টোল আদায় করা যাবে না বলে উল্লেখ থাকলেও হাইকোর্টের ওই নির্দেশনাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে এখনো প্রকাশ্যে সোনাগাজী পৌরশহরের প্রবেশপথের সড়কে দাঁড়িয়ে প্রতিটি যানবাহন থামিয়ে পৌর টোল আদায় করা হচ্ছে।
সোনাগাজী পৌরসভার জিরো পয়েন্টে দাঁড়িয়ে বিভিন্ন পরিবহন থেকে পৌর টোল আদায়কারী সিরাজ উদ্দিন বলেন, টোল আদায় বন্ধ করার জন্য ইজারাদার ও পৌরসভা থেকে কোনো নির্দেশনা দেওয়া হয়নি। আমি দৈনিক ৪৫০ টাকা বেতনে ইজারাদার হেলাল উদ্দিনের চাকুরি করছি। ইজারাদারের নির্দেশেই টোল নিচ্ছি।
ইজারাদার হেলাল উদ্দিন বলেন, বৈধ প্রক্রিয়ায় ইজারা নিয়েছি এবং ইজারার শর্ত মেনেই টোল আদায় করছি।
চট্টগ্রাম থেকে সুবর্ণচর অভিমুখী ট্রাকের চালক সেলিম মিয়া বলেন, চট্টগ্রাম থেকে আসার সময় তিনটি পৌরসভা পার হয়ে এসেছি কোনো টোল দিতে হয়নি। কিন্তু সোনাগাজী পৌরসভা অতিক্রম করার সময় ৭০ টাকা টোল দিতে হয়েছে। আদায়কারীর কাছে জানতে চাইলে সে ইজারাদার ও পৌর মেয়রের নির্দেশে টোল আদায় করার কথা জানায়।
নাম প্রকাশ না করার শর্তে পৌর শহরের একাধিক ব্যবসায়ী জানান, মেয়র কোনো আইনের তোয়াক্কা করেন না। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদে থাকায় দলীয় প্রভাব খাটিয়ে অপকর্ম করেই যাচ্ছেন তিনি। প্রশাসনও তার ভয়ে তটস্থ থাকে।
এ বিষয়ে জানতে পৌর মেয়র রফিকুল ইসলাম খোকনকে কল দিলে তিনি বলেন, হাইকোর্টের নিষেধাজ্ঞাটা জানি। আপনি আপনার নিউজ করেন।