গৃহবধূকে ধর্ষণের মামলায় ইউপি সদস্য গ্রেপ্তার

নীলফামারীর ডোমার উপজেলার হরিণচড়া এলাকায় এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগে হরিণচড়া ইউনিয়নের এক নম্বর ওয়ার্ডের সদস্য তরিকুল ইসলামকে (৪০) গ্রেপ্তার করা হয়েছে। গত বৃহস্পতিবার রাতে পুলিশ তাকে গ্রেপ্তারের পর গতকাল শুক্রবার বিকেলে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়।

এলাকাবাসী জানায়, স্বামী-স্ত্রীর বিবাদ মেটাতে গিয়ে ওই ইউপি সদস্য গত ১৩ সেপ্টেম্বর রাত ১০টার দিকে সুযোগ বুঝে ওই গৃহবধূকে ধর্ষণ করে। এ ঘটনায় গৃহবধূ বাদী হয়ে পরের দিন সকালে ডোমার থানায় ওই ইউপি সদস্যকে আসামি করে ধর্ষণ মামলা করেন।

ডোমার থানার ওসি মাহমুদ উন নবী জানান, বিশেষ অভিযান পরিচালনা করে আসামিকে ডোমার থানা এলাকা থেকে বৃহস্পতিবার রাতে গ্রেপ্তার করা হয়।