পাবনা-রাজশাহী রেল রুটে আতঙ্কের নাম পাথর নিক্ষেপ

পাবনা-রাজশাহী রেল রুটে বেড়েই চলছে দুর্বৃত্তদের পাথর ছোঁড়ার ঘটনা। সর্বশেষ আগস্টে এ রুটে চলাচলকারী ট্রেনে ২০ বারের বেশি পাথর ছোঁড়ার ঘটনা ঘটে। এতে যাত্রীসহ সাত-আটজন আহত হয়েছেন। এতে আতঙ্ক বিরাজ করছে ট্রেনে ভ্রমণকারীদের।

দুর্বৃত্তদের ট্রেন লক্ষ্য করে পাথর ছোঁড়ার ঘটনায় যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে আতঙ্ক বিরাজ করছে যাত্রীদের মধ্যে।

জানা যায়, ২০১৯ সালে পাবনা-রাজশাহী রুটে ট্রেনে কয়েকশ পাথর নিক্ষেপের ঘটনা ঘটেছিল। সে সময় অনেক যাত্রী আহত ছাড়াও একজন নিহত হয়েছিলেন। পরবর্তীতে জেলা প্রশাসন, রেলওয়ে পুলিশ, স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসীকে নিয়ে রেল কর্তৃপক্ষ দফায় দফায় সভা করায় এবং অভিযুক্ত কিছু ব্যক্তিকে আটক করায় হামলা বন্ধ হয়েছিল।

কিন্ত হঠাৎ করে আবারও ট্রেনে ঢিল ছোঁড়ার ঘটনা বেড়ে যাওয়ায় দ্রুত পদক্ষেপ নেওয়া প্রয়োজন বলে মনে করেন যাত্রী ও সাধারণ মানুষ।

জানা গেছে, এখন বেশিরভাগ ক্ষেত্রেই সন্ধ্যার পর অন্ধকার হলে দুবলিয়া থেকে তাঁতীবন্ধ স্টেশনের মধ্যবর্তী স্থানে এই পাথর ছোঁড়ার ঘটনা ঘটছে। এর মধ্যে গত ১২ সেপ্টেম্বর ট্রেনের দুইদিক থেকেই পাঁচটি বগি লক্ষ্য করে পাথর ছোঁড়া হয়।

পাথর নিক্ষেপে আহত মাসুদ রানা বলেন, আমি ট্রেনের দরজায় দাঁড়িয়ে ছিলাম। হঠাৎ বাম হাতের কনুইয়ে প্রায় ২০০ গ্রাম ওজনের একটা পাথর আঘাত করে। এরপর বৃষ্টির মতো পাথর ট্রেনে আঘাত করতে থাকে। ট্রেনের যাত্রীরা আতঙ্কে চিৎকার করতে থাকেন। জানালা বন্ধ করতে করতেও পাথরের আঘাত পান। পাথরের আঘাতে আমার হাত ব্যাপক ফুলে যায়। ভাগ্য ভালো যে পাথরটি মাথায় বা চোখে লাগেনি।