পরশুরামে সেতু উদ্বোধন

খালেদা জিয়া এলাকার উন্নয়ন করেননি : শিরীন

শেখ হাসিনার হাত ধরে দেশে উন্নয়ন হচ্ছে মন্তব্য করে জাসদের কেন্দ্রীয় নেত্রী ও ফেনী-১ আসনের সংসদ সদস্য শিরীন আখতার বলেছেন, ‘খালেদা জিয়ার মনের মধ্যে পাকিস্তান প্রেম, তিনি পাকিস্তান যেতে চান। এ জন্য তিনবারের প্রধানমন্ত্রী হয়েও এলাকার কোনো উন্নয়ন করেননি।’ ফেনীর পরশুরামের কালিবাজার-চন্দনা সড়কে মুহুরি নদীর ওপর নির্মিত ৯০ মিটার পিসি গার্ডার মুহুরি সেতু উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।

শিরীন আখতার বলেন, ‘নির্বাচন নিয়ে টালবাহানা হচ্ছে। ওরা ভূতের সরকার চায়। তা হবে না, সংবিধান অনুযায়ী শেখ হাসিনা থাকবেন, নির্বাচন কমিশনের অধীনে নির্বাচন হবে, সেই নির্বাচনে সবাই অংশগ্রহণ করবে।’

ঠিকাদারি প্রতিষ্ঠানের দি নিউ ট্রেড লিংকের স্বত্বাধিকারী তাজুল ইসলাম জানান, ২০২১ সালের শুরুতে এই সেতুর কাজ শুরু হয়। ৯০ মিটার দৈর্ঘ্যরে এ সেতু তৈরিতে ব্যয় হয়েছে ৭ কোটি ৩ লাখ টাকা। জঙ্গলঘোনা, চন্দনা, পালপাড়া, জগমোহনপুর, উত্তর শালধরসহ ৭-৮টি গ্রামের মানুষের যাতায়াতে সুবিধা হবে এ সেতু।

এদিন জঙ্গলঘোনা পালপাড়া সড়কের ছিলোনিয়া নদীর ওপর ৩ কোটি ৪৫ লাখ টাকা ব্যয়ে ৪৫ মিটার দীর্ঘ আরেকটি সেতুর উদ্বোধন করেন শিরীন আখতার। একই সময় জঙ্গলঘোনা কমিউনিটি ক্লিনিক উদ্বোধন করেন তিনি।

উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরশুরাম ইউএনও আফরোজা হাবিব শাপলা, ওসি শাহাদাত হোসেন খান, উপজেলা প্রকৌশলী এসএম শাহ আলম ভূঁইয়া, উপজেলা জাসদের সভাপতি মোশারফ হোসেন প্রমুখ।