বরিশালে জাসদের বিক্ষোভ

দলনিরপেক্ষ নির্বাচনকালীন সরকার দাবি

দলনিরপেক্ষ নির্বাচনকালীন সরকার ব্যবস্থা চালু ও লুটেরা, দুর্নীতিবাজদের গ্রেপ্তারসহ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণের দাবিতে বরিশালে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বেলা ১১টায় নগরীর অশ্বিনী কুমার হলের সামনে মহানগর জাসদের উদ্যোগে এই কর্মসূচি হয়।

বরিশাল মহানগর জাসদের সভাপতি হুমাউন কবীরের সভাপতিত্বে বক্তব্য রাখেন জাসদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আনিচুজ্জামান আনিস, যুবজোটের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক পঙ্কজ শিকারি, বরিশাল মহানগর সাধারণ সম্পাদক মনতোস সিকদার, সাংগঠনিক সম্পাদক পার্থদেব মণ্ডল প্রমুখ। এতে বক্তারা বলেন, আগামী জাতীয় নির্বাচনের আগে নির্বাচনকালীন সরকারের বিকল্প নেই।

মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় অশ্বিনী কুমার হলের সামনে গিয়ে শেষ হয়।