দীর্ঘ প্রতীক্ষার পর কুড়িগ্রামের চিলমারী-রৌমারী নৌরুটে শুরু হচ্ছে ফেরি চলাচল। ইতিমধ্যে ‘কুঞ্জলতা’ নামের একটি ফেরি রমনা ঘাটে পৌঁছায়। গত শুক্রবার সন্ধ্যায় আরিচা ঘাট থেকে ফেরিটি চিলমারী নদীবন্দরে সংযুক্ত করা হয়েছে। এর আগে সংযোগ সড়ক, পন্টুনসহ সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়। আগামী ২০ সেপ্টেম্বর থেকে এ রুটে ফেরি চলাচল শুরু হবে বলে জানিয়েছেন বিআইডব্লিউটিএর উপপরিচালক মাহফুজ আলম সজল। ফেরি আসার সংবাদে খুশি এ অঞ্চলের মানুষ।
খোঁজ নিয়ে জানা গেছে, রৌমারী-রাজীবপুর উপজেলাবাসীর দুঃখ ব্রহ্মপুত্র নদ। জনপদটির লাখো মানুষকে জেলা শহরে যাতায়াতে নৌকার ওপর ভরসা করতে হয়। এতে নানা ভোগান্তি পোহাতে হয়। ফেরি চলাচল শুরু হলে শেষ হবে দীর্ঘদিনের ভোগান্তি। সেই সঙ্গে এ অঞ্চলের মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটতে পারে।