বিষণ্ণতার মৃত্যু হলো কীটনাশক পানে

বগুড়ার আদমদীঘিতে কীটনাশক পান করে ফেরদৌস আলী (৫৪) নামের এক স্কুলের কেরানি আত্মহত্যা করেছেন। রবিবার সকালে লাশটি ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। নিহত ফেরদৌস আলী উপজেলার সদর ইউনিয়ন শিবপুর গ্রামের মৃত মিঠন প্রামানিকের ছেলে।

জানা যায়, কয়েকমাস ধরে বিষণ্ণতার ভুগছিলেন আদমদীঘি পাইলট গার্লস স্কুল অ্যান্ড কলেজের কেরানি ফেরদৌস আলী। শনিবার রাত সাড়ে ১০টায় তার বসতবাড়ির শয়নঘরে জমিতে দেওয়া কীটনাশক সেবন করে অসুস্থ হয়ে পড়েন। পরিবারের লোকজন জানতে পেরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। সেখানে তার অবস্থার অবনতি হলে নওগাঁ সদর হাসপাতালে যাওয়ার পথে তিনি মারা যান।

আদমদীঘি থানার ওসি রেজাউল করিম রেজা জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লাশটি ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। এ ঘটনায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে। ময়নাতদন্ত শেষে দাফনের জন্য নিহতের পরিবারের নিকট লাশ হস্তান্তর করা হবে।