স্বর্ণ জয়ের লক্ষ্যে হাংজু যাবেন নিগাররা

এক আসর পর এশিয়ান গেমসে আবারও ক্রিকেট ফিরেছে। তাতে বেড়েছে বাংলাদেশের পদক প্রাপ্তির সম্ভাবনা। ২০১০ ও ২০১৪ সালের আসরে ক্রিকেট ডিসিপ্লিনে পুরুষ ও নারী উভয় ইভেন্ট থেকে পদক পায় বাংলাদেশ। মেয়েরা দুই আসরেই জিতে রুপা। এবার সেই পদকের রংটা বদলে সোনালি করতে চান নিগার সুলতানা জ্যোতিরা। এশিয়ান গেমসে যিনি প্রথমবার খেলতে যাচ্ছেন।

সবশেষ ২০১৮ সালে জাকার্তা ও পালেমবাং এশিয়াডে ক্রিকেট ডিসিপ্লেন ছিল না। বাংলাদেশের কোনো পদক আসেনি সেখান থেকে। এবার ক্রিকেট ঘিরে যখন সবার প্রত্যাশা, তখন ক্রিকেটারদের দায়িত্বটাও বেড়ে যায়। জ্যোতিরা সেই দায়িত্বটাই নিতে চান।

চীনের হাংজুতে হবে এবারের এশিয়ান গেমস। ২৩ সেপ্টেম্বর থেকে আনুষ্ঠানিকভাবে আসর শুরু হলেও মেয়েদের ক্রিকেট ইভেন্ট শুরু হয়ে যাবে ১৯ সেপ্টেম্বর থেকে। বাংলাদেশের মেয়েরা সরাসরি কোয়ার্টার ফাইনাল খেলবে। তাদের প্রথম ম্যাচ ২২ সেপ্টেম্বর। বাংলাদেশ ছাড়াও মেয়েদের ক্রিকেটে সরাসরি কোয়ার্টার ফাইনালে খেলবে ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কা।

গেমসে অংশ নিতে বাংলাদেশের মেয়েরা আগামীকাল সকালে চীনের উদ্দেশ্যে যাত্রা করবেন। আজ মিরপুরে ছিল দলের আনুষ্ঠানিক ফটোসেশন হয়। সেখানে সংবাদ মাধ্যমের মুখোমুখি হবে অধিনায়ক জ্যোতি জানালেন নিজেদের প্রত্যাশার কথা। গেমসে নিজেদের আগের সাফল্যের কথা তুলে ধরে জ্যোতি বলেন, ‘আমরা যেহেতু আগের ‍দুটি আসরে সিলভার পেয়েছিলাম, এবার আমাদের লক্ষ্য আরও ভালো করব।’ সেই ভালোটা যে স্বর্ণ জয়, সেটা বলতে দ্বিধা করেননি জ্যোতি। বলেন, ‘সবার ইচ্ছে অবশ্যই বাংলাদেশের হয়ে সর্বোচ্চ যে ফল, বাংলাদেশকে বড় একটা অর্জন–স্বর্ণ নিয়ে আসা, ওই প্রত্যাশা থাকবে।’

কোনো টুর্নামেন্ট বা সিরিজের চেয়ে গেমসে অংশ নেওয়া ও সাফল্য পাওয়ার আনন্দটাও জ্যোতির কাছে ভিন্ন, ‘ট্রফি জেতা আর পদক জেতার মধ্যে অনেক তফাৎ, যেটা আমি অনুভব করেছি। কারণ প্রথমবার ২০১৯ সালে সাউথ এশিয়ান গেমস খেলেছি, যেখানে আমরা স্বর্ণ পদক নিয়ে এসেছিলাম। আমার কাছে মনে হয়েছে ট্রফির থেকে স্বর্ণ পদকের আনন্দটা অন্যরকম।’ গেমসে যাওয়ার আগে নিজেদের প্রস্তুতি নিয়েও সন্তুষ্ট জ্যোতি, ‘যেখানেই খেলি, দলের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ কীভাবে প্রস্তুতি নিচ্ছি। গত এক মাস আমরা বলব যে অসম্ভব পরিশ্রম করেছি। আর সেটার ফল অবশ্যই দেখতে পাব।’

২০১০ সালে গুয়াংজু এশিয়ান গেমসে প্রথমবার ক্রিকেট অন্তর্ভুক্ত হয়। সেবার ছেলেদের বিভাগে স্বর্ণ জিতেছিল বাংলাদেশ। মেয়েদের বিভাগে জিতেছিল রুপা। ২০১৪ সালে ইনচন এশিয়াডে ছেলেদের বিভাগে ব্রোঞ্জ জিতে বাংলাদেশ, মেয়েদের বিভাগে জিতে রুপা।