বাংলাদেশে পবিত্র ঈদুল আজহা উদযাপনের একদিন আগেই উৎসবের আমেজে মেতে উঠেছেন দেশের নারী ক্রিকেটাররা। ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ ও আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি নিতে বাংলাদেশ নারী ক্রিকেট দল এখন স্কটল্যান্ডে অবস্থান করছে। সেখানে বুধবার ঈদ উদযাপিত হওয়ায় নিগার সুলতানা জ্যোতিরা দেশের বাইরেই ঈদের আনন্দ ভাগাভাগি করে নিয়েছেন।
সুদূর প্রবাসে নতুন পোশাকে টাইগ্রেসদের হাসিখুশি মুহূর্তের একটি ছবি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছে, যা ইতিমধ্যেই ভক্তদের মাঝে বেশ সাড়া ফেলেছে।
উৎসবের এই দিনে পরিবার পাশে না থাকলেও ক্রিকেটারদের আনন্দের কমতি ছিল না। সকালে দলের সব খেলোয়াড় ও কোচিং স্টাফের সদস্যরা একসাথে ঈদের নামাজ আদায় করেন। নামাজ শেষ হতেই চিরাচরিত নিয়মে একে অপরকে জড়িয়ে ধরে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন তারা।
নামাজের আনুষ্ঠানিকতা শেষে নতুন পোশাকে ক্যামেরার সামনে হাজির হন মারুফা আক্তার ও সানজিদা আক্তার মেঘলারা। দলের বাঁহাতি স্পিনার সানজিদা আক্তার মেঘলা সতীর্থ ও বিদেশি কোচদের সাথে কাটানো সুন্দর কিছু মুহূর্ত নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন।
ক্যাপশনে তিনি লেখেন, 'দেশের বাইরে এটিই আমার জীবনের প্রথম ঈদ। সবাইকে ঈদের শুভেচ্ছা।"
পারিবারিক আবহের বাইরে হলেও ছবির প্রতিটি ফ্রেমে খেলোয়াড়দের বেশ প্রফুল্ল ও ফুরফুরে মেজাজে দেখা গেছে।
তবে ঈদের আনন্দের মাঝেও বিশ্বকাপের মতো বড় আসরের প্রস্তুতিতে কোনো ঢিলেমি দেননি জ্যোতিরা। উৎসবের আমেজ বজায় রেখেই স্কটল্যান্ডের স্থানীয় সময় দুপুরে ট্র্যাকিং স্যুট পরে মাঠে নেমে পড়েন তারা। ওখানকার কন্ডিশনের সাথে নিজেদের মানিয়ে নিতে এবং ম্যাচের কৌশলগুলো ঝালিয়ে নিতে দুপুরের পর কঠোর এক অনুশীলন সেশনে অংশ নেয় পুরো দল।
