ওসি বলেছেন, তাকে ভোট করার জন্য আনা হয়েছে: ফখরুল

রাজশাহীর চারঘাটের ওসির বক্তব্য বিষয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ওসি নিজের মুখে বলেছেন, তাকে ভোট করার জন্য এখানে আনা হয়েছে।

তিনি বলেন, সরকার আবারও নির্বাচন নিয়ে পাতানো খেলায় মেতে উঠেছে। আজকে বাংলাদেশের অস্তিত্বের প্রশ্ন। বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্ন, বাংলাদেশে গণতন্ত্র ফিরে আসবে কি না তার প্রশ্ন। আমরা স্বাধীন জাতি হিসেবে টিকে থাকতে পারব কি না সেই প্রশ্ন আজ জাতির সামনে।

তারুণ্যের রোড মার্চ কর্মসূচির সবশেষ সমাবেশে রাজশাহীতে মির্জা ফখরুল এসব বলেন। রোববার রাত পৌনে ৮টার দিকে রাজশাহী ঈদগাহ মাঠের সামনের রাস্তায় এ সমাবেশের আয়োজন হয়।

প্রধান অতিথির বক্তব্য মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, এ সরকার আমাদের সমস্ত অর্জনগুলোকে ধ্বংস করে দিয়েছে। তারা রাষ্ট্রের যে স্তম্ভগুলো আছে আদালত, বিচার বিভাগ, প্রশাসন, পার্লামেন্ট সবকিছুকে তারা ধ্বংস করে দিয়েছে। এ দেশকে তারা সুপরিকল্পিতভাবে একটি ব্যর্থ রাষ্ট্রে পরিণত করেছে।

খালেদা জিয়াকে অন্যায়ভাবে আটকে রাখা হয়েছে উল্লেখ করে ফখরুল বলেন, তারেক রহমানকে মিথ্যা মামলায় সাজা দিয়েছে। খালেদা জিয়াকেও মিথ্যা মামলায় সাজা দিয়ে বিনা চিকিৎসায় আটকে রেখেছে।

খালেদা জিয়াকে দ্রুত মুক্তি দিয়ে উন্নত চিকিৎসার ব্যবস্থার দাবি করে তিনি বলেন, অন্যথায় সব দায়িত্ব সরকারকেই নিতে হবে।

মির্জা ফখরুল রাজশাহীর চারঘাটের ওসির বক্তব্য প্রসঙ্গে বলেন, এ প্রশাসনকে সরকার যে তার নিজের মতো করে সাজিয়ে নিয়েছে তার একটি নমুনা রাজশাহীর চারঘাটের ওসির বক্তব্য। ওসি নিজের মুখে বলেছেন, তাকে ভোট করার জন্য এখানে আনা হয়েছে। এ সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন হবে না এটি তার একটি নমুনা।

সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী।

এ ছাড়া বক্তব্য দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু, সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মোসাদ্দেক হোসেন বুলবুল, যুবদল কেন্দ্রীয় কমিটির সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু, স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী, ছাত্রদল কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি রাশেদ ইকবাল খান, রাজশাহী মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাড. এরশাদ আলী ঈশা প্রমুখ।