ঢাকার গেন্ডারিয়া এলাকায় মাদকবিরোধী অভিযানের সময় মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ও ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ইশরাক হোসেনের পিস্তল উঁচিয়ে ধরার ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের এ ঘটনাকে ‘ত্রাসের রাজত্বের বহিঃপ্রকাশ’ বলে মন্তব্য করেছেন।
রবিবার (১৮ অক্টোবর) দেওয়া এক বিবৃতিতে তিনি এ প্রতিক্রিয়া জানান।
বিবৃতিতে জুবায়ের অভিযোগ করেন, বিএনপি সরকার ক্ষমতায় আসার পর দেশে মাদকের বিস্তার ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটেছে। সরকারের ব্যর্থতা আড়াল করতে মন্ত্রী-প্রতিমন্ত্রীসহ দায়িত্বশীল ব্যক্তিরা জনদৃষ্টি ভিন্ন দিকে নেওয়ার চেষ্টা করছেন বলেও দাবি করেন তিনি। এর অংশ হিসেবেই ১৭ অক্টোবর শনিবার গেন্ডারিয়া এলাকায় মাদকবিরোধী অভিযানের সময় প্রতিমন্ত্রীর পিস্তল উঁচিয়ে ধরার ঘটনা ঘটেছে বলে মন্তব্য করেন জামায়াতের এই নেতা।
তিনি বলেন, দেশের প্রচলিত অস্ত্র আইনে ব্যক্তিগত নিরাপত্তার প্রয়োজন ছাড়া বৈধ অস্ত্র ব্যবহার করে জনমনে আতঙ্ক সৃষ্টি করার সুযোগ নেই। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রশাসন থাকা সত্ত্বেও একজন প্রতিমন্ত্রীর অস্ত্র উঁচিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা, আইন নিজের হাতে তুলে নেওয়া এবং তাঁর দেহরক্ষীদের আগ্রাসী আচরণ অনাকাঙ্ক্ষিত ও আইনবিরোধী।
এ ঘটনায় সরকারের দায়িত্বশীল পর্যায় থেকে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান জুবায়ের। একই সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরও সক্রিয় করার জন্য সংশ্লিষ্ট মন্ত্রীর উদ্যোগ নেওয়া প্রয়োজন বলে মন্তব্য করেন তিনি।
বিবৃতিতে জামায়াত নেতা আরও অভিযোগ করেন, ইশরাক হোসেন নিজের কর্মকাণ্ডের ভিডিও ফেসবুকে প্রকাশ করে মানুষের মধ্যে ভীতি ছড়িয়েছেন। তাঁর মতে, এ ধরনের আচরণ দায়িত্ব পালনের শপথের পরিপন্থী এবং অপরাধীদের উৎসাহিত করতে পারে। জনগণও এমন কর্মকাণ্ডকে ইতিবাচকভাবে নেবে না বলে মন্তব্য করেন তিনি।
বিবৃতির শেষাংশে জুবায়ের সরকারের সব পর্যায়ের দায়িত্বশীল ব্যক্তিদের আইন কঠোরভাবে প্রয়োগ, জনসচেতনতা বৃদ্ধি এবং জনবান্ধব পদ্ধতিতে মাদকসহ সব ধরনের অপরাধ দমনে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।
ক্ষমতাচ্যুত আ.লীগ সরকারের মতোই বিএনপি আচরণ করছে: জামায়াত আমির