বগুড়া সদর উপজেলার গোদারপাড়া এলাকায় গোদারপাড়া তা'লীমুল কুরআন মহিলা মাদ্রাসার শেফা আক্তার (১৫) নামে এক ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। সোমবার (১৮ সেপ্টেম্বর) সকাল ১০ টায় ওই মাদ্রাসার স্টোররুম থেকে তার লাশ উদ্ধার করা হয়। শেফা আক্তার বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার পোথাটি এলাকার সিদ্দিকুর রহমানের মেয়ে।
দুপুরে বগুড়া সদর থানার ইন্সপেক্টর (অপারেশন) ফইম উদ্দীন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, শেফা প্রায় ৪ বছর ধরে মাদ্রাসাটিতে পড়াশোনা করেন৷ সকালে মাদ্রাসা কর্তৃপক্ষ তার ঝুলন্ত লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে সকাল ১০টার দিকে মাদ্রাসার স্টোরকক্ষের সিলিং ফ্যানের সঙ্গে গলায় রশি পেঁচানো অবস্থায় ছাত্রীটির লাশ উদ্ধার করে।
তিনি আরও জানান, ওই ছাত্রীর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে লাশের শরীরে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্তের রিপোর্ট পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।