দেশ রূপান্তরে প্রতিবেদন

ববির নষ্ট লাইট ফ্যান, এসির সমাধানে পদক্ষেপ

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) বিভিন্ন ভবনের কক্ষ ও অডিটরিয়ামের নষ্ট লাইট, ফ্যান ও শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্রের (এসি) সমস্যা সমাধানের পদক্ষেপ নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। গতকাল সোমবার বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রকৌশলীদের নিয়ে বিভিন্ন কক্ষ পরিদর্শন করেন। এ সময় বিভিন্ন কক্ষের ফ্যান, লাইট পরীক্ষা করেন তারা। ট্রেজারারের সঙ্গে ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপপ্রধান প্রকৌশলী মো. মুরশীদ আবেদীন ও নির্বাহী প্রকৌশলী মো. মামুন অর রশিদ।

গত দেড় বছর ধরে বিশ্ববিদ্যালয়ের অডিটরিয়ামের এসি ও লাইট নষ্ট হয়ে ছিল। বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বারবার চিঠি দিয়েও সমস্যাগুলোর সমাধান হচ্ছিল না। গত শনিবার দেশ রূপান্তরে ‘ফ্যান নেই এসি নষ্ট লাইটও জ্বলে না’ শিরোনামে প্রতিবেদন প্রকাশ হলে টনক নড়ে ববি প্রশাসনের।

ট্রেজারার অধ্যাপক ড. মো. বদরুজ্জামান ভূঁইয়া বলেন, ‘সংবাদ প্রকাশের আগেই আমি সংশ্লিষ্ট দপ্তরকে এই ফ্যান-লাইট সমস্যার একটি প্রতিবেদন দিতে বলি। কিন্তু অনেক সময় যা হয়; গতানুগতিকতা, কালক্ষেপণ সেটা আমার চোখে ধরা পড়েছে। এ ক্ষেত্রে দেশ রূপান্তরকে ধন্যবাদ জানাই এমন একটি ইতিবাচক সংবাদ করার জন্য।’