সেনাবাহিনীর সঙ্গে কেএনএফের গোলাগুলি

বান্দরবানের রুমায় কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ) সদস্যদের সঙ্গে সেনাবাহিনীর গুলিবিনিময় হয়েছে। এ সময় কেএনএফের এক সদস্য গুলিবিদ্ধ হয়েছে। গতকাল সোমবার বেলা সাড়ে ১১টার দিকে রুমা বাজারে এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধের নাম বয়রাম লিয়ান বম (২৪)। তিনি বেথেলপাড়ার বাসিন্দা জারেমলাল বমের ছেলে বলে জানায় স্থানীয়রা।

জানা গেছে, গতকাল বেলা সাড়ে ১১টার দিকে সাদা পোশাকে কেএনএফের চার সশস্ত্র সদস্য রুমা বাজারে ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা তুলতে আসে। এ সংবাদ পেয়ে ওই জায়গায় সেনাবাহিনীর একটি টহল দল উপস্থিত হলে উভয়পক্ষের মধ্যে গোলাগুলি হয়। এতে কেএনএফের এক সদস্য গুলিবিদ্ধ হয়।

পরে আহত কেএনএফ সদস্যকে সেনাবাহিনী সদস্যরা উদ্ধার করে প্রথমে রুমা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে বান্দরবান সদর হাসপাতালে পাঠানো হয়।

রুমা থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ আবুল হাসেম বলেন, ‘আহত ব্যক্তিকে বান্দরবান সদর হাসপাতালে নেওয়া হয়েছে। এ ঘটনায় সেনাবাহিনী বাদী হয়ে মামলা করলে থানায় মামলা হবে।’

অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মো. রায়হান কাজেমী বলেন, ‘আহত ব্যক্তির পায়ে ও পেটে গুলি লাগে। সে এখন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছে। পুলিশ ঘটনাটি তদন্ত করছে। এ ঘটনার পর ওই এলাকায় জনগণের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। নিরাপত্তা বাড়ানো হয়েছে।’