আগের দিন বার্সেলোনা ম্যাচ জিতে উঠেছিল লা লিগা পয়েন্ট টেবিলের শীর্ষে। শীর্ষ স্থান ফিরে পেতে রিয়াল মাদ্রিদের সামনে জয়ের বিকল্প ছিল না। কিন্তু রবিবার রাতে ঘরের মাঠে রিয়াল সোসিয়েদাদের কাছে গোল হজম করে পিছিয়ে পড়েন আনচেলত্তির শিষ্যরা। তবে পরে ঘুরে দাঁড়িয়ে ২-১ গোলের জয় তুলে নিয়েছে কার্লো আনচেলত্তির দল।
ম্যাচের পঞ্চম মিনিটে আন্দের বারেনেতেয়া গোল করলে এগিয়ে যায় সোসিয়েদাদ। আন্দেরের শট প্রথমে রুখে দিয়েছিলেন রিয়ালে ধারে খেলা গোলকিপার কেপা আরিজাবালেগা। ফিরতি শটে গোল করেন সোসিয়েদাদ খেলোয়াড়। প্রথমার্ধে পিছিয়ে থেকে বিরতিতে যায় স্বাগতিকরা।
৪৬ মিনিটে গোল শোধ দেন ফেদরিকো ভালভার্দে। বক্সের মাথা থেকে ভালভার্দের নেওয়া শট পোস্টে লেগে জালে ঢোকে। মৌসুমে এটি প্রথম গোল উরুগুয়ের এই মিডফিল্ডারের। ৬০ মিনিটে গার্সিয়ার ক্রস থেকে হেডে গোল করে স্প্যানিশ স্ট্রাইকার হোসেলু ব্যবধান বাড়ান। শেষ পর্যন্ত লিড ধরে রেখে জয় পায় লস ব্লাঙ্কোসরা।
বুধবার রাতে চ্যাম্পিয়নস লিগে ঘরের মাঠে ইউনিয়ন বার্লিনের বিপক্ষে খেলবে রিয়াল। ইন্টারনেট।