সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারের মালিকানা নেয়ার পর থেকেই এতে একের পর এক বদল এনেছেন শীর্ষ প্রযুক্তি ব্যবসায়ী ইলন মাস্ক। নামটাও পর্যন্ত বদলে ফেলে টুইটারের বদলে রেখেছেন এক্স। এবার এ মাধ্যমে নতুন আরেক পরিবর্তন নিয়ে আসলেন তিনি।
এখন থেকে এক্স-এ প্রবেশ করতে হলে নির্দিষ্ট পরিমাণ অর্থ পরিশোধ করতে হবে বলে জানিয়েছেন এক্স-এর মালিক ইলন মাস্ক।
মঙ্গলবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ বার্তাসংস্থা বিবিসি নিউজ।
বিবিসি জানায়, সম্প্রতি ইসরায়েলের প্রধানমন্ত্রী বিনইয়ামিন নেতানিয়াহুর সঙ্গে এক বৈঠকে এমনটাই জানিয়েছেন এক্সের মালিক ইলন মাস্ক। মূলত বট থেকে রক্ষা পেতেই এই নিয়ম চালু করা হচ্ছে বলে জানিয়েছেন তিনি।
টেসলা এবং স্পেসএক্সের মালিক জানান, "আমরা এক্স ব্যবহারের জন্য মাসিক হারে অল্প পরিমাণ অর্থ পরিশোধের সিস্টেম চালু করার দিকে হাঁটছি।”
তবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি। বিবিসি আরও বিস্তারিত জানার জন্য এক্সের সাথে যোগাযোগ করলেও এ বিষয়ে কোন বিবৃতি দেয়নি কোম্পানিটি।
বট ও ভুয়া আইডির সমস্যা থেকে এক্স-কে মুক্ত রাখতে এর মালিক হওয়ার আগে থেকেই এ বিষয়ে কথা বলে আসছেন ইলন মাস্ক।
মাস্ক জানান, তিনি এখন এক্স ব্যবহারকারীদের জন্য সস্তা বিকল্প খুঁজছেন। তিনি বলেন, ‘আমরা আসলে কম মূল্য নির্ধারণ করতে চাচ্ছি। আমার দৃষ্টিতে সোশ্যাল প্লাটফর্মগুলোর বিশাল সেনাবাহিনীর বিরুদ্ধে এটা একমাত্র প্রতিরক্ষা ব্যবস্থা।’
মাস্ক আরও বলেন, ‘এই ব্যবস্থার একটি ঝুঁকি আছে। ব্যবহারকারীদের অর্থ প্রদান করতে বলা হলে এক্স তাদের একটি বড় অংশ হারাতে পারে। ফলে বিজ্ঞাপনের আয় কমে যেতে পারে, যা বর্তমানে কোম্পানির মোট আয়ের সিংহভাগ।’
এখন পর্যন্ত ব্যবহারকারীরা বিনামূল্যে এক্স ব্যবহার করছেন। তবে এক্স প্রিমিয়াম অর্থ প্রদান করে ব্যবহার করতে হয়। তবে একজন গ্রাহক কোন দেশে আছেন, তার উপর নির্ভর করে এর মূল্য ভিন্ন ভিন্ন হয়।