প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর মন্তব্যের দায়ে স্বেচ্ছাসেবক দলের নেতা গ্রেপ্তার

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে ফেসবুকে আপত্তিকর মন্তব্য করার দায়ে বগুড়ার সদরের হোসাইন ইসলাম হোসেন (২৬) নামে এক যুবক গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে বগুড়া জেলা গোয়েন্দা পুলিশ ও সদর থানা পুলিশ যৌথ অভিযান চালিয়ে শহরের নামাজগড় এলাকা থেকে ওই যুবককে গ্রেপ্তার করে।

গ্রেপ্তার হোসাইন ইসলাম হোসেন বগুড়া সদরের নামুজা ইউনিয়নের স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক। আজ সকালে নামুজা ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও ছোট টেংরা এলাকার জাহিদ হাসান (২৯) বাদী হয়ে সদর থানায় ওই যুবকের বিরুদ্ধে মামলা করেন। বিকেল ৫টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন বগুড়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ও মিডিয়া মুখপাত্র শরাফত ইসলাম।

মামলা সূত্রে জানা যায়, গত ১৫ সেপ্টেম্বর দুপুর ২টার দিকে মামলার বাদী নামুজা ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাহিদ হাসান ফেসবুক ঘাটাঘাটি করছিলেন। এসময় তিনি দেখতে পান গ্রেপ্তার আসামি হোসাইন ইসলাম হোসেন তার ফেসবুক আইডিতে একটি ছবিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে আপত্তিকর মন্তব্য করেছেন।

বগুড়া সদর থানার তদন্ত ইন্সপেক্টর শাহিনুজ্জামান জানান, মঙ্গলবার বিকেলে গ্রেপ্তার আসামি হোসাইন ইসলাম হোসেনকে আদালতে পাঠানো হয়েছে।