নাগোরনো-কারাবাখে আজারবাইজানের সামরিক অভিযান

কারাবাখ অঞ্চলে ‘সন্ত্রাসবিরোধী’ অভিযান শুরু করেছে আজারি সৈন্যরা। আর্মেনিয়ার নিয়ন্ত্রণাধীন ওই অঞ্চলে গতকাল মঙ্গলবার আজারবাইজানের সামরিক বাহিনী অভিযান চালায় বলে খবর দিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। আজারবাইজানের ভূখণ্ড হিসেবে আন্তর্জাতিকভাবে স্বীকৃত জাতিগত আর্মেনীয় ছিটমহল নাগোরনো-কারাবাখ ঘিরে কয়েক মাস ধরে দুদেশের মধ্যে উত্তেজনা চলছে। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, গতকাল মঙ্গলবার কারাবাখের প্রধান শহরে বিমান হামলার সাইরেন বাজানোর তথ্য পাওয়া গেছে। কারাবাখের রাজধানী খানকেন্দিতে কামানের গোলা ও বন্দুকের গুলির শব্দ শোনা গেছে। কারাবাখের এই রাজধানী আর্মেনীয়দের কাছে স্টেপানাকার্ট নামে পরিচিত। গতকাল বাকুতে আজারবাইজানের প্রতিরক্ষা মন্ত্রণালয় আর্মেনিয়ার বাহিনীর বিরুদ্ধে আজারি সৈন্যদের অবস্থান লক্ষ্য করে ‘পরিকল্পিত গোলাবর্ষণের’ অভিযোগ করে। এরপরই ‘সন্ত্রাসবিরোধী অভিযান’ শুরুর ঘোষণা দেয়। আজারিদের দাবি, এ অভিযানে বেসামরিক স্থাপনাকে লক্ষ্যবস্তু করা হচ্ছে না।