‘খুফিয়া’ সিনেমা দিয়ে বলিউডে অভিষেক হতে যাচ্ছে আজমেরী হক বাঁধনের। বিশাল ভরদ্বাজ পরিচালিত অভিনেত্রীর প্রথম হিন্দি সিনেমাটি আগামী ৫ অক্টোবর নেটফ্লিক্সে মুক্তি পাচ্ছে। এর মধ্যে সদ্য প্রকাশিত হয়েছে সিনেমাটির ট্রেলার।
আড়াই মিনিটের ট্রেলারটি শুরু হয় ২০০৪ সালের ঘটনা দিয়ে। ভারতীয় গোয়েন্দা সংস্থার গোপন নথি ফাঁস নিয়ে এগিয়েছে গল্প। সংস্থার মধ্যে কে এই নথি ফাঁস করছে, তা তদন্তে নামে টাবু অভিনীত চরিত্রটি ট্রেলারের পরতে পরতে টান টান উত্তেজনা। ট্রেলারের অর্ধেকের পর দেখা দেন বাঁধন। ট্রেলারের এক ঝলকেই বাঁধনের লুক নজর কেড়েছে। তার চরিত্র তৈরি করেছে কৌতূহল। কয়েকটি দৃশ্যেই নিজের মেধার জানান দিয়েছেন তিনি। ট্রেলারে বাঁধন ও টাবুকে যতক্ষণ দেখা গেছে; রহস্য বেড়েছে যা দেখে অনেক দর্শক ইউটিউবে ট্রেলারের নিচে মন্তব্য করেছেন, হয়তো বাঁধনকে ঘিরে সিনেমার মূল রহস্য।
সিনেমাটির শুটিং শেষ করার পর বাঁধন জানিয়েছিলেন, ‘খুফিয়া’য় তার বেশির ভাগ দৃশ্যই বলিউড অভিনেত্রী টাবুর সঙ্গে। ট্রেলারেও তেমনটাই দেখা গেছে। ২০২১ সালের ২৬ সেপ্টেম্বর বিশাল ভরদ্বাজ পরিচালিত এই ওয়েব ছবিটির লুক টেস্টের জন্য মুম্বাই যান বাঁধন। পরে ওই বছরের অক্টোবরে দিল্লিতে শুরু হয় শুটিং।
আজমেরী হক বাঁধন বলেন, এটা অবশ্যই আমার জন্য ভালো লাগার বিষয়। যদিও সিনেমায় চরিত্রের দৈর্ঘ্য খুব একটা বড় নয়, তবে টাবুর সঙ্গে কাজ করে ভীষণ ভালো লেগেছে। ব্যক্তিগতভাবে আমি টাবুর ভীষণ ফ্যান। তার সঙ্গে পর্দা ভাগ করা আমার জন্য অনেক বড় প্রাপ্তি। মেধাবী অভিনয়শিল্পীর সঙ্গে কাজ, তার ওপর নতুন জায়গা। সবকিছু মিলিয়ে পুরো বিষয় আমার কাছে অনেক বড় চ্যালেঞ্জ ছিল।
তিনি আরও বলেন, ছবিটি নিয়ে তর্ক-বিতর্ক-আলোচনা-প্রশংসার অপেক্ষায় আছি। অনেক শ্রম দিয়েছি এই কাজটিতে। প্রথমত আমার প্রথম কোনো হিন্দি মুভির কাজ। দ্বিতীয়ত বলিউড প্রডাকশনে আমার নতুন অভিজ্ঞতা। একজন বাংলাদেশি শিল্পী হিসেবেও আমাকে সেই সেটে দেশকে রিপ্রেজেন্ট করতে হয়েছে। সত্য ঘটনা থেকে অনুপ্রাণিত এবং অমর ভূষণের জনপ্রিয় গুপ্তচর উপন্যাস ‘এস্কেপ টু নোহোয়ার’-এর ওপর ভিত্তি করে নির্মিত হয়েছে ‘খুফিয়া’। একটি সাক্ষাৎকারে নির্মাতা বিশাল ভরদ্বাজ জানিয়েছিলেন, ‘এটি একটি অত্যাধুনিক অ্যাকশন স্পাই থ্রিলার ঘরানার ছবি। ভারতীয় চলচ্চিত্রে এই মানের থ্রিলার ফিল্ম খুব একটা হয়নি।’
উল্লেখ্য, ২০২২ সালের শেষের দিকে মুক্তি পায় সিনেমাটির টিজার। তবে ওই সময় মুক্তির কথা থাকলেও তা শেষ পর্যন্ত আর হয়ে ওঠেনি। ২০২২ সালেই ‘খুফিয়া’র শুটিং শেষ হয়েছে। সিনেমায় বাঁধন ছাড়া আরও অভিনয় করেছেন আলী ফজল, টাবু, আশীষ বিদ্যার্থীসহ অনেকেই।