ভৈরবে বিএনপি নেতা সোহেল

রোডমার্চে বাধা এলে জনগণকে নিয়ে প্রতিহত করা হবে

বিএনপির বৃহস্পতিবারের (আজ) ভৈরব-ব্রাহ্মণবাড়িয়া-হবিগঞ্জ-সিলেট অঞ্চলের রোডমার্চ কর্মসূচিতে সরকারের পক্ষ থেকে কোনো বাধা এলে জনগণকে সঙ্গে নিয়ে সেটি প্রতিহত করা হবে বলে জানিয়েছেন এই কর্মসূচির সমন্বয়ক বিএনপির নেতা হাবিবুন নবী খান সোহেল।

তিনি গতকাল বুধবার দুপুরে কিশোরগঞ্জের ভৈরবে বিএনপি আয়োজিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের উত্তরে এসব কথা বলেন। এ সময় তিনি আরও বলেন, চলমান এই এক দফার আন্দোলন শুধু বিএনপির নয়, দেশের মুক্তিকামী সব মানুষের। বিএনপি শুধু বাস্তবায়নের দায়িত্বে আছে।

শহরের কমলপুরের বিএনপি দলীয় কার্যালয়ে উপজেলা বিএনপির সভাপতি রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ সময় আরও বক্তব্য রাখেন, কেন্দ্রীয় বিএনপির সহসাংগঠনিক সম্পাদক ও কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি শরীফুল আলম।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম, পৌর বিএনপির সভাপতি হাজি শাহিনসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।