দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনা সম্প্রসারণ প্রকল্পের কাজ দ্রুত শেষ করার সুপারিশ করেছে পানিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটি। গতকাল বুধবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে এ সুপারিশ করা হয়।
কমিটির সভাপতি রমেশ চন্দ্র সেনের সভাপতিত্বে বৈঠকে অংশ নেন কমিটির সদস্য ও পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক, পানিসম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম, সামশুল হক চৌধুরী, নুরুন্নবী চৌধুরী ও বেগম সালমা চৌধুরী।
নৌপরিবহন মন্ত্রণালয়কে চট্টগ্রাম মহানগরীর নদী খনন (ক্যাপিটাল ড্রেজিং) দ্রুতগতিতে সম্পন্ন করার তাগিদ দেওয়ার জন্য পানিসম্পদ মন্ত্রণালয়ের কাছে সুপারিশ করেছে বৈঠকে সংসদীয় কমিটি। সেই সঙ্গে ‘চট্টগ্রামে মহানগরীর বন্যা নিয়ন্ত্রণ, জলমগ্নতা, জলাবদ্ধতা নিরসন ও নিষ্কাশন উন্নয়ন’ প্রকল্পের তহবিল বৃদ্ধি করে দ্রুত প্রকল্পের কাজ শেষ করার সুপারিশ করে কমিটি। ‘তিস্তা সেচ প্রকল্পের কমান্ড এলাকার পুনর্বাসন ও সম্প্রসারণ প্রকল্পের’ ওপর সর্বোচ্চ গুরুত্ব দিয়ে প্রকল্পের কাজ সম্পাদনের জন্য অতিরিক্ত বিশেষ বরাদ্দের সুপারিশ করেছে কমিটি। এ ছাড়া বৈঠকে দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনা সম্প্রসারণ প্রকল্পের অগ্রগতি সম্পর্কে বিস্তারিত আলোচনা হয়।
বৈঠকে পানিসম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক, পানিসম্পদ মন্ত্রণালয় এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা অংশগ্রহণ করেন।