তহবিল সংগ্রহে চীনের মাটিতে পা আসাদের

দুই দশকের মধ্যে প্রথমবারের মতো চীন সফর করছেন সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ। সফর চলাকালে তিনি তার যুদ্ধবিধ্বস্ত দেশ পুনর্গঠনে চীনের কাছে সহায়তা চাইবেন।

২০১১ সালে গৃহযুদ্ধ শুরু হওয়ার পর সিরিয়ায় পাঁচ লাখেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছে। এতে গৃহহীন হয়েছে আরও কয়েক লাখ লোক। ব্যাপক ক্ষতি হয়েছে সিরিয়ার অবকাঠামো ও শিল্পের।

পশ্চিমা দেশগুলো দ্বারা একঘরে হয়ে পড়া নেতাদের মধ্যে সর্বশেষ নেতা হলেন আসাদ। তিনি গতকাল বৃহস্পতিবার চীন সফর শুরু করেছেন। এছাড়া ভেনিজুয়েলার নেতা নিকোলাস মাদুরো, ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির পাশাপাশি রাশিয়ার শীর্ষ কর্মকর্তারা চলতি বছর চীন সফর করছেন।

চীনের রাষ্ট্রীয় সম্প্রচার কেন্দ্র সিসিটিভি জানিয়েছে, আগামীকাল শনিবার চীনের পূর্বাঞ্চলীয় হাংঝু শহরে এশিয়ান গেমসের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেবেন আসাদ। সেখানে তার এবং অন্যান্য বিদেশি নেতাসহ চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে সাক্ষাৎ করার কথা রয়েছে।

সিরিয়ার প্রেসিডেন্টের দপ্তর জানায়, আসাদ বেইজিংও সফর করবেন। ২০০৪ সালের পর চীনে আসাদের এটি প্রথম সফর। বেইজিং দীর্ঘদিন ধরেই দামেস্ককে কূটনৈতিক সমর্থন দিয়ে আসছে। বিশেষ করে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে। চীন নিরাপত্তা পরিষদের একটি স্থায়ী সদস্য এবং সেখানে দেশটির ভেটো ক্ষমতা রয়েছে। বিগত কয়েক বছর ধরেই দুই দেশের কর্মকর্তারাও এ দুই দেশ সফর করেছেন।