এশিয়ান গেমসে ছেলেদের ফুটবল ইভেন্টে টানা দুই ম্যাচে হারের স্বাদ পেল বাংলাদেশ। মিয়ানমারের বিপক্ষে আত্মঘাতী গোলে কপাল পুড়েছিল হাভিয়ের কাবরেরার দলের। এবার ভারতের বিপক্ষে তাদের হারতে হলো শেষ মুহূর্তের পেনাল্টিতে।
হাংজুর জিয়াশন স্পোর্টস কমপ্লেক্সে বৃহস্পতিবার আগের ম্যাচের মতোই ০-১ ব্যবধানে হেরেছে বাংলাদেশ অলিম্পিক দল। স্পট কিক থেকে ভারতের পক্ষে একমাত্র গোলটি করেছেন অধিনায়ক সুনীল ছেত্রী। বাংলাদেশকে যিনি আগেও অনেকবারই পুড়িয়েছেন।
এদিন অবশ্য ভারতের বিপক্ষে চোখে চোখ রেখেই খেলছিল রহমত মিয়া, মজিবর রহমান জনিরা। কিন্তু ৮৩তম মিনিটে ঘটে বিপত্তি। ব্রাইস মিরান্ডাকে ফাউল করে বসেন রহমত। তাতে পেনাল্টি পায় ভারত। যা থেকে গোল করতে ভুল করেননি ছেত্রী। তবে ভারতের ওই পেনাল্টি পাওয়া নিয়ে ঘোর আপত্তি ছিল বাংলাদেশের।
এমনিতে বাংলাদেশ ভালো ফুটবলই খেলেছে। বিশেষ করে গোলরক্ষক মিতুল মারমার কথা বলতে হবে। জাতীয় দলের তিন নম্বর গোলরক্ষক হলেও এশিয়াডে এক নম্বর গোলরক্ষক হিসেবে খেলছেন তিনি। এ ম্যাচে যিনি অন্তত ছয়টি সেভ করেছেন। বিশেষ করে প্রথমার্ধের যোগ করা সময়ে টানা চারটি সেভ করেছেন। ছেত্রীর পেনাল্টিও প্রায় ঠেকিয়ে দিয়েছিলেন, ঝাঁপ দিয়েছিলেন ঠিক দিকেই।
টানা দুই হারে গ্রুপ পর্ব থেকেই বিদায়ের পথে গত আসরে দ্বিতীয় রাউন্ডে খেলা বাংলাদেশ। ২৪ সেপ্টেম্বর গ্রুপে তাদের শেষ ম্যাচ চীনের বিপক্ষে।