আইরিনের হ্যাটট্রিকে সিঙ্গাপুরকে উড়িয়ে বাছাইয়ের ফাইনালে বাংলাদেশ

আপডেট : ২৮ এপ্রিল ২০২৬, ০৭:৩৪ পিএম

এশিয়ান গেমস হকির বাছাইয়ে অবিশ্বাস্য রেজাল্ট করে চলেছে বাংলাদেশের মেয়েরা। গ্রুপ পর্বের শেষ ম্যাচে হংকংকে হারিয়ে এশিয়া গেমসের মূলপর্বে খেলার যোগ্যতা অর্জন করেছিল তারা। একই সঙ্গে উঠেছিল সেমিফাইনাল। দুই মিনিটে দুই গোল করে সিঙ্গাপুরের বিপক্ষে সে ম্যাচ জিতে উঠেছে বাছাইয়ের ফাইনালে। ম্যাচটা বাংলাদেশ জিতেছে ৩–১ গোলে। বাংলাদেশের তিনটি গোলই আইরিনের।

ইন্দোনেশিয়ার জাকার্তায় মঙ্গলবার সিঙ্গাপুরের বিপক্ষে আশা জাগানিয়া শুরু পায় বাংলাদেশ। অষ্টম মিনিটে আইরিনের হিটে এগিয়ে যায় দল। তবে প্রথম কোয়ার্টারেই এই স্বস্তি উবে যায়। দ্বাদশ মিনিটে চিয়া চেরিল পেনাল্টি কর্নার থেকে সমতা ফেরান ২০২২ এশিয়ান গেমসে সপ্তম হওয়া সিঙ্গাপুরকে।

দ্বিতীয় কোয়ার্টারে কেউ পায়নি গোল। তৃতীয় কোয়ার্টারের শুরুতে সার্কেলের ভেতর থেকে ফরিদা রাত্রির হিট দূরের পোস্ট দিয়ে বেরিয়ে যায়।

চতুর্থ ও শেষ কোয়ার্টারে গোলের জন্য দুই পক্ষই মরিয়া হয়ে ওঠে। চারবার এশিয়ান গেমসে খেলা সিঙ্গাপুরকে চতুর্থ ও শেষ কোয়ার্টারে চেপে ধরে দুই গোল তুলে নিয়ে জিতে যায় দল।

আইরিন রিয়ার হ্যাটট্রিক

নির্ধারিত সময়ের চার মিনিট বাকি থাকতে কাঙ্ক্ষিত গোলের দেখা পায় বাংলাদেশ। এক ছুটে সার্কেলের ভেতরে ঢুকে জোরাল হিটে লক্ষ্যভেদ করেন আইরিন। সিঙ্গাপুর ডিভিও রেফারেল নিলেও টিকে যায় গোল।

৫৮তম মিনিটে হ্যাটট্রিক পূরণ করেন আইরিন। সতীর্থের ক্রসে গোলমুখ থেকে নিখুঁত ফ্লিকে জাল খুঁজে নেন তিনি।

বাকিটা সময় সিঙ্গাপুর পারেনি ঘুরে দাঁড়াতে। শেষের বাঁশি বাজতেই ফাইনালে ওঠার বাঁধনহারা উচ্ছ্বাসে মেতে ওঠে মেয়েরা।

 

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত