নাসুমকে সাদা বলের দক্ষ বললেন পোথাস

ঘরোয়া ক্রিকেটে লাল বলে পারফর্ম করেই নজর কেড়েছিলেন নাসুম আহমেদ। তবে দিন যত গড়িয়েছে সাদা বলে তিনি ততই ব্যাটসম্যানদের জন্য বিপজ্জনক হয়ে উঠেছেন তিনি। নিউজিল্যান্ডের ব্যাটসম্যানদের আজ যেভাবে খাবি খাইয়েছেন, তাতে সেটা আরেকবার প্রমাণ হয়েছে। আর তাই তো টাইগারদের ভারপ্রাপ্ত কোচ নিক পোথাসের চোখে তিনি রঙিন পোশাকের ক্রিকেটে একজন দক্ষ বোলার।

সিরিজের প্রথম ওয়ানডেটি আজ বৃষ্টিতে ভেসে যাওয়ার পর সংবাদ সম্মেলনে দলের প্রতিনিধি হয়ে এসেছিলেন পোথাস। সেখানে নাসুমের গুণ কীর্তন শোনা গেছে তার কণ্ঠে।

নাসুমের প্রসঙ্গ আসতেই তিনি বলেছেন, ‘নাসুম সাদা বলের ক্রিকেটে একজন দক্ষ বোলার। এশিয়া কাপে সেটা সে প্রমাণ করেছে। আজও তার দক্ষতার স্বাক্ষর রেখেছে। আমরা সেটা দেখেছি। সে কন্ডিশনের সঙ্গে খুব ভালো মানিয়ে নিতে পারে। উইকেট পড়তে পারার ক্ষমতাও আছে। আজ গতি ও লাইন ছিল একদম নিখুঁত। সফলতাও তাই এসেছে।’

পোথাস যোগ করেন, ‘প্রতিটি ম্যাচেই সে আত্মবিশ্বাস ও অভিজ্ঞতা অর্জন করছে। সে খুব দ্রুত সব কিছু আয়ত্ত করে ফেলে। তার পারফরম্যান্সে আমরা খুশি।’