৭ গোলের থ্রিলারে ম্যানইউ বধ বায়ার্নের

চ্যাম্পিয়নস লিগে বায়ার্ন মিউনিখ ও ম্যানচেস্টার ইউনাইটেডের ম্যাচ দারুণ উপভোগ্য হবে এমন আশাই করেন ফুটবল সমর্থকরা। হলোও তাই। ৭ গোলের ম্যাচে বায়ার্ন মিউনিখ ৪-৩ ব্যবধানে হারিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেডকে।

ঘরের মাঠ অ্যালিয়াঞ্জ অ্যারেনায় প্রথমার্ধেই দুই গোলে এগিয়ে যায় বাভারিয়ানরা। চার মিনিটের মধ্যে গোল করেন লেরয় সানে (২৮) ও সার্জ নাব্রি (৩২)। প্রথমার্ধ শেষে মনে হচ্ছিল সহজেই ম্যাচ জিতবে স্বাগতিকরা। তবে ম্যাচের ৮৮ থেকে যোগ করা সময়ের মধ্যে হয়েছে ৩টি গোল।

ম্যানইউ গোলকিপার আন্দ্রে ওনানার ভুলে প্রথম গোল হজম করে টেন হাগের দল। হ্যারি কেইনের সঙ্গে বল দেওয়া-নেওয়া করে বক্সের বাইরে থেকে জোরালো শট নিয়েছিলেন সানে। বাঁ দিকে ঝাঁপিয়ে ওনানা বলের নাগালও পান, তবে ক্যামেরুনিয়ান গোলকিপার তা নিয়ন্ত্রণে নিতে পারেনইনি। উল্টো হাত ফসকে বল জালেই পাঠিয়ে দেন। চার মিনিট পর বল নিয়ে বক্সে ঢোকা জামাল মুসিয়ালাকে ম্যানইউ ডিফেন্ডাররা ঘিরে ধরেন। তিনি বল বাড়ান নাব্রির দিকে। জার্মান ফরোয়ার্ড বল জালে পাঠাতে ভুল করেননি।

৪৯ মিনিটে এক গোল শোধ দেন রাসমুস হইলুন্ড। ম্যাচে ফেরার সুযোগ পায় রেড ডেভিলরা। তবে ৫৩ মিনিটে বক্সের ভেতর ক্রিস্টিয়ান এরিকসেন হ্যান্ডবল করলে পেনাল্টি পায় বায়ার্ন। স্পটকিক থেকে হ্যারি কেইন গোল করলে ব্যবধান ৩-১ হয়। বায়ার্নের জার্সিতে কেইনের এটি পঞ্চম গোল। ৮৮ মিনিটে কাসেমিরো গোল শোধ দেন। তাতে স্কোর ৩-২ হয়। তবে ম্যাচের যোগকরা সময়ের দ্বিতীয় মিনিটে আবারও ব্যবধান বাড়ান ম্যাথিয়াস তেল। যোগকরা সময়ের পঞ্চম মিনিটে কাসেমিরো হেডে আরেকটি গোল শোধ দেন। তবে তেলের গোলটি ম্যাচের ভাগ্য নির্ধারণ করে দেয়।

ম্যাচ হারার পর ম্যানইউ কোচ এরিক টেন হাগ বলেন, ‘হতাশ, কেননা বায়ার্নের মাঠে তিন গোল করলে পয়েন্টটা আমাদেরই পাওয়া উচিত ছিল। আমরা এমন এক সময়ের মধ্য দিয়ে যাচ্ছি যেখানে সব কিছু আমাদের বিপক্ষে। নিজেদেরই ভাগ্য পরিবর্তন করতে হবে। আমাদের দল ভালো করছে।’

চ্যাম্পিয়নস লিগে ঘরের মাঠে এ নিয়ে ২৮ ম্যাচ অপরাজিত রইল বাভারিয়ানরা।

ছয় বছর পর চ্যাম্পিয়নস লিগে ফিরে প্রথম ম্যাচেই বড় জয় পেয়েছে আর্সেনাল। বি গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে এমিরিটস স্টেডিয়ামে আর্সেনাল ৪-০ গোলে হারিয়েছে পিএসভি আইনদোভানকে। গানার্সদের হয়ে গোল করেছেন বুকায়ো সাকা, লিয়ান্দ্রো ত্রোসার্ড, গ্যাব্রিয়েল জেসুস ও মার্টিন ওডেগার্ড। সেভিয়া ও লেসের ম্যাচটি ১-১ গোলে ড্র হয়।