রিয়ালে গোল করেই চলেছেন বেলিংহ্যাম

বরুসিয়া ডর্টমুন্ড থেকে রিয়াল মাদ্রিদে যোগ দেওয়ার পর প্রায় প্রতি ম্যাচেই গোল করছেন ইংলিশ মিডফিল্ডার জুড বেলিংহ্যাম। লা লিগা ৫ ম্যাচে করেছন ৫ গোল। স্প্যানিশ দলের হয়ে চ্যাম্পিয়নস লিগ অভিষেকেও গোল করেছেন।

গোল করেছেন বললে কম বলা হয়। প্রতিযোগিতায় নবাগত জার্মান ক্লাব ইউনিয়ন বার্লিনের বিপক্ষে সান্তিয়াগো বার্নাবুতে নির্ধারিত ৯০ মিনিটে গোল করতে ব্যর্থ রিয়াল মাদ্রিদকে ইনজুরি টাইমের চতুর্থ মিনিটে গোল করে জয় এনে দিয়েছেন বেলিংহ্যাম।

ম্যাচ শেষে তিনি বলেন, ‘আমি আত্মবিশ্বাসী ছিলাম। তবে শুরুতে এমন গোল পাব সেটি ভাবিনি। ছয় ম্যাচ খেলে সবগুলো জিতেছে (লা লিগা ও চ্যাম্পিয়নস লিগ)। তাই ত্রুটির কিছু দেখছি না। এই ম্যাচে আমরাই এগিয়ে ছিলাম। জয়টা আমাদের প্রাপ্য। দলের সবার প্রতি আমি কৃতজ্ঞ।’ চ্যাম্পিয়নস লিগে ২৬ ম্যাচে বেলিংহ্যামের গোল দাঁড়াল ৯।

রিয়ালের সঙ্গে একই গ্রুপে থাকা নাপোলিও পেয়েছে জয়। ইতালিয়ান লিগ চ্যাম্পিয়নরা ২-১ গোলে হারিয়েছে ক্লাব ব্রাগাকে। তবে নাপোলির জয়টা এসেছে ভাগ্যক্রমে। ৮৮ মিনিটের সময় আত্মঘাতী গোল করেন ব্রাগার ডিফেন্ডার সিকু নিয়াকাতে। ডি গ্রুপে থাকা ইন্তার মিলান এক পয়েন্ট নিয়ে মাঠ ছেড়েছে। ঘরের মাঠে রিয়াল সোসিয়াদাদ ম্যাচের চতুর্থ মিনিটেই এগিয়ে যায় বারিস মেন্দেজের গোলে। ৮৭ মিনিটে গোলটি শোধ দেন লাউতারো মার্তিনেজ। সেভিয়া ও লেসের ম্যাচটিও ড্র (১-১) হয়।