নিখোঁজ ব্যবসায়ীকে অচেতন অবস্থায় উদ্ধার

গাজীপুরের কালিয়াকৈরে নিখোঁজ হওয়ার পরের দিন অচেতন অবস্থায় এক ব্যবসায়ীকে উদ্ধার করেছে পুলিশ। গতকাল শুক্রবার সকালে ৯৯৯-এ ফোন পেয়ে উপজেলার হরিণহাটি থেকে তাকে উদ্ধার করা হয়।

অচেতন ব্যক্তি হলেন নওগাঁর রানীগঞ্জ থানার চরকানাই এলাকার সখিমুদ্দিনের ছেলে আসলাম হোসেন (৪০)।

এলাকাবাসী, পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, আসলাম হোসেন দীর্ঘদিন ধরে হরিণহাটি এলাকায় বাসা ভাড়া নিয়ে চা ও মুদি দোকান দিয়ে ব্যবসা করে আসছিলেন। সপ্তাহখানেক আগে তার স্ত্রী তাদের গ্রামের বাড়ি যায়। এ কারণে তিনি রাতে দোকানে থাকতেন। গত বৃহস্পতিবার রাতে দোকান বন্ধ করে ছোট ভাই আহসানের বাসায় খেতে যাওয়ার কথা ছিল তার। কিন্তু তিনি বাসায় না যাওয়ায় আহসান গিয়ে দোকান বন্ধ দেখতে পান। এ সময় তার মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করলেও ফোন বন্ধ পাওয়া যায়। পরে আহসান কালিয়াকৈর থানায় অভিযোগ দেন।

গতকাল শুক্রবার সকালে স্থানীয় একটি পোশাক কারখানার পাশে অচেতন অবস্থায় তাকে পড়ে থাকতে দেখে ৯৯৯-এ ফোন দেয় এলাকাবাসী। কালিয়াকৈর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে আসলামকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।