অনিয়মের তথ্য সংগ্রহে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক

ময়মনসিংহের ত্রিশালে অনিয়ম-দুর্নীতির তথ্য সংগ্রহ করতে গিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মচারীদের হামলার শিকার হয়েছেন চার সাংবাদিক। গতকাল শনিবার বেলা সাড়ে ১১টার দিকে এ হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।

জানা যায়, গত ২৮ আগস্ট ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অনিয়ম-দুর্নীতির তথ্যসহ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার (টিএইচও) অসৌজন্যমূলক আচরণের সংবাদ গণমাধ্যমে প্রচার করা হয়। গতকাল শনিবার বেলা সাড়ে ১১টার দিকে রোগীদের জন্য সরবরাহ করা খাবারের মানের খোঁজ নিতে হাসপাতালের রান্নাঘরে যান সাংবাদিকরা। এ সময় বাবুর্চী সোহরাব হোসেন, ওয়ার্ডবয় জয়নাল আবেদিন ও জুনিয়র মেকানিক সোহরাব আলী সাংবাদিকদের ওপর হামলা চালায়। মারধরের সময় হামলাকারীদের একজন বলতে থাকেন, ‘টিএস (টিএইচও) স্যার কইছে, সাংবাদিকদের আটকাইয়া দরজা বন্ধ কইরা পিটাইতে’। মারধর শেষে রান্নাঘরের দরজা বন্ধ করে সাংবাদিকদের ভেতরে আটকে রাখলে ৯৯৯-এ ফোন দিলে থানা-পুলিশ তাদের উদ্ধার করে। সাংবাদিকদের দুটি ক্যামেরাও ছিনিয়ে নেয় হামলাকারীরা। এ ঘটনায় আজকের পত্রিকার প্রতিনিধি সাইফুল আলম তুহিন বাদী হয়ে ত্রিশাল থানায় লিখিত অভিযোগ করেন।

আহত সাংবাদিক সাইফুল আলম তুহিন বলেন, ‘হাসপাতালের নানা অব্যবস্থাপনা নিয়ে আমরা ধারাবাহিক সংবাদ প্রচার করে আসছি। রোগী এবং তাদের স্বজনদের অভিযোগের ভিত্তিতে গতকাল শনিবার সকালে হাসপাতালের খাবারের মানের খোঁজ নিতে গেলে বাবুর্চি সোহরাব হোসেনসহ অন্যরা আমাদের ওপর হামলা চালায় এবং আটকে রাখে।’

টিএইচও নজরুল ইসলাম বলেন, ‘ঘটনার সময় আমি একটু বাইরে ছিলাম। এ ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।’

ত্রিশাল থানার ওসি মাইন উদ্দিন বলেন, ‘একটি লিখিত অভিযোগ করা হয়েছে। তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়া হবে।’