কিশোরগঞ্জে বিক্ষোভ

ছাত্রলীগের মেয়াদোত্তীর্ণ কমিটি বাতিলের দাবি

কিশোরগঞ্জে জেলা ছাত্রলীগের মেয়াদোত্তীর্ণ কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল ও সংবাদ সম্মেলন করেছে সংগঠনের একাংশের নেতাকর্মীরা। গতকাল শনিবার দুপুরে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করে তারা। এ সময় লিখিত বক্তব্য পড়ে শোনান কিশোরগঞ্জ জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক লুৎফুর রহমান নয়ন।

সংবাদ সম্মেলনে বলা হয়, বর্তমান মেয়াদোত্তীর্ণ জেলা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক তিন বছর ৭ মাস ১৩ দিনেও পূর্ণাঙ্গ কমিটি গঠন করতে পারেনি। কেন্দ্রীয় কমিটির নির্দেশনা না মেনে তারা অছাত্র, বিবাহিত, মাদকাসক্ত ও বিএনপি-জামায়াতের সঙ্গে সম্পৃক্ত ব্যক্তিদের অন্তর্ভুক্ত করে বিভিন্ন উপজেলা ইউনিটের কমিটি অনুমোদন দেন।

জেলার তাড়াইল উপজেলা ছাত্রলীগের সভাপতি ইসমাইল সিরাজী কিছুদিন আগে যুদ্ধাপরাধী দেলোয়ার হোসেন সাঈদীর মৃত্যুর পর তার ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে শোক ও বেদনা প্রকাশ করে পোস্ট দিলেও তার বিরুদ্ধে কোনো শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়নি। এ সময় বক্তব্য রাখেন জেলা ছাত্রলীগের সাবেক আপ্যায়নবিষয়ক সম্পাদক তানিম ইসলাম, সাবেক ত্রাণ ও দুর্যোগবিষয়ক সম্পাদক কামরুল ইসলাম রতন প্রমুখ।